বরফে জমাট বেধে হৃৎক্রিয়া বন্ধ হয়ে গিয়েছিল এক পর্বতারোহীর। তার বেঁচে থাকার আশাও ছেড়ে দিয়েছিলেন চিকিৎসকেরা। কিন্তু মৃত্যু থেকে অবিশ্বাস্যভাবে ফিরে আসলেন তিনি।
বিবিসি জানায়, যুক্তরাষ্ট্রের মাউন্ট রেনইয়ার ন্যাশনাল পার্কে বরফে জমাট বাধা অবস্থায় উদ্ধার করা হয়েছিল মাইকেল নাপিনস্কিকে। তখনও বেঁচে ছিলেন তিনি।
কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পর দেখা গেল, হৃৎক্রিয়া বন্ধ হয়ে গিয়েছে নাপিনস্কির। তবে চিকিৎসকদের আপ্রাণ চেষ্টায় ৪৫ মিনিট পর বেঁচে উঠলেন তিনি। এ ঘটনাকে অবিশ্বাস্য হিসেবে দেখছেন চিকিৎসকেরা।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, ৪৫ বছর বয়সী নাপিনস্কি তার বন্ধুদের সঙ্গে মাউন্ট রেইনার পর্বত আরোহণে গিয়েছিলেন। মাঝপথে তিনি দলছুট হয়ে পড়েন।
প্রতিকূল আবহাওয়ার মুখে পড়ে বন্ধুদের সঙ্গে মিলিত হতে পারেননি তিনি। নির্দিষ্ট সময়ের পর তার দেখা না পাওয়ায় জরুরি উদ্ধার দলের কাছে খবর পাঠান বন্ধুরা।
পরে হেলিকপ্টারের মাধ্যমে নাপিনস্কিকে উদ্ধার করে সিয়াটলের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতালে পৌঁছলে দেখা যায় নাপিনস্কির হৃৎক্রিয়া বন্ধ হয়ে গিয়েছে। তারপর চিকিৎসকেরা সিপিআর দিতে শুরু করেন ও অতিরিক্ত অক্সিজেনের সাপোর্ট দেওয়া হয়, পাম্প করে দেওয়া হয় রক্তও যাতে অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড বের করে আনা যায়।
টানা ৪৫ মিনিট এই চিকিৎসা চলার পর হঠাৎই হৃৎস্পন্দন ফিরে আসে তার। এর দু’দিন পরে জ্ঞান ফেরে নাপিনস্কির।
হাসপাতালটির এক নার্স বলেন, ‘নাপিনস্কি কাঁদছিলেন, তাকে ঘিরে যারা ছিলেন, তারাও কাঁদছিলেন। দেখে সত্যিই ভালো লাগছে যে চিকিৎসক, নার্সদের যৌথ চেষ্টার ফলে এভাবে একজন মানুষ জীবন ফিরে পেলেন। এমন নাটকীয় ঘটনা আমি দেখিনি।’
