বিয়ের পোশাক তৈরির কারখানা হবে আদমজীতে

আপডেট : ২০ নভেম্বর ২০২০, ১২:০১ এএম

আদমজী ইপিজেডে মেসার্স ইউবিএফ ব্রাইডাল লিমিটেড উন্নত মানের ব্রাইডাল পোশাকসামগ্রী প্রস্তুতের কারখানা স্থাপন করবে। এ লক্ষ্যে জার্মান প্রতিষ্ঠানটি বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সঙ্গে ১ কোটি ১৮ লাখ ৭০ হাজার ডলারের একটি চুক্তি করেছে। ঢাকায় বেপজা কমপ্লেক্সে এবং জার্মানির বার্লিনে গতকাল বাংলাদেশ দূতাবাসে ভার্চুয়ালি এই চুক্তি স্বাক্ষর হয়।

বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. মাহমুদুল হোসাইন খান ঢাকায় বেপজার নির্বাহী দপ্তর এবং ইউবিএফ ব্রাইডালের ব্যবস্থাপনা পরিচালক আদ্রিয়ান কনরাড গাসজাক বার্লিনে বাংলাদেশ দূতাবাস থেকে চুক্তি স্বাক্ষর করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়া।

ইউবিএফ ব্রাইডাল পোল্যান্ড থেকে তাদের এই কারখানা বাংলাদেশে স্থানান্তর করছে। প্রতিষ্ঠানটি উন্নত মানের ব্রাইডাল পোশাকসামগ্রী উৎপাদন ছাড়াও বিয়েতে ব্যবহৃত ২৭ ধরনের পণ্য প্রস্তুত করবে। বার্ষিক ৬ লাখ পিস উৎপাদন ক্ষমতাসম্পন্ন এই কারখানার পণ্য ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হবে। প্রতিষ্ঠানটিতে ১১৩ বাংলাদেশির কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

ভার্চুয়াল এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জার্মানিতে বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর মো. সাইফুল ইসলাম ও ইউবিএফ ব্রাইডাল ফ্যাক্টরির চেয়ারম্যান বারতোজ ওজেকি, ঢাকায় বেপজার মহাব্যবস্থাপক নাজমা বিনতে আলমগীর ও মহাব্যবস্থাপক মো. তানভীর হোসেন উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত