র‌্যাবের অভিযান

পাসপোর্ট অফিসের ৯ দালাল গ্রেপ্তার

আপডেট : ২০ নভেম্বর ২০২০, ০২:১৬ এএম

রাজধানীর আগারগাঁওয়ে পাসপোর্ট অফিসের সামনে অভিযান চালিয়ে দালালচক্রের সক্রিয় ৯ সদস্যকে গ্রেপ্তার করে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার ওই অভিযানের সময় দালালদের দেওয়া ভুক্তভোগীদের টাকাও উদ্ধার করেছে র‌্যাব।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু এবং সহযোগিতা করেন র‌্যাব-২-এর আগারগাঁও কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।

র‌্যাব জানায়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ দালালচক্র অল্প সময়ে পাসপোর্ট করে দেওয়ার প্রলোভন দেখানোসহ বিভিন্ন কৌশলে জনসাধারণের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে আসছে। পাসপোর্ট তৈরি করে না দিয়ে প্রতারণা করে আসছে তারা। পাসপোর্ট ফি জমা দেওয়ার কথা বলে টাকা নিয়ে পালিয়ে যাওয়া, ভুয়া সিল ও সত্যায়ন, জাল ব্যাংক ভাউচার প্রদান, ভুয়া চিঠিপত্র তৈরি করা, ভুয়া পাসপোর্ট দিয়ে জনসাধারণকে হয়রানি করে আসছিল তারা।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু বলেন, আটক ব্যক্তিদের স্বীকারোক্তিতে দোষী সাব্যস্ত করে দালালচক্রের এই ৯ সক্রিয় সদস্য সুজন (২২), নাছির (২৫), সোহেল (২৪), শেখ আকরামুজ্জামান (৬০), সেন্টু মিয়া (৪৫), জসিম উদ্দিন (৪৫), মো. কাশেম (৫৫) ও মো. নজরুল শেখকে (৩৫) বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।  তাছাড়া ভিকটিম ফাতেমা আক্তারের (২৭) অভিযোগের ভিত্তিতে দালাল শেখ আকরামুজ্জামানের কাছ থেকে ঘটনাস্থল থেকে পাসপোর্ট তৈরির জন্য দেওয়া ১৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত