নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি লে. কর্নেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম হিরু ও সাধারণ সম্পাদক আবদুল মতিন ভূঁইয়াকে সংগঠনের পদ থেকে অব্যাহতি দিয়েছে আওয়ামী লীগ। একই সঙ্গে জেলা আওয়ামী লীগের সহসভাপতি জিএম তালেবকে ভারপ্রাপ্ত সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক পীরজাদা কাজী মোহাম্মদ আলীকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সংগঠনের গঠনতন্ত্রের বিধি মোতাবেক এ সিদ্ধান্ত নিয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
দলীয় সূত্রে জানা গেছে, নরসিংদী সদর আসন থেকে পরপর তিনবার নির্বাচিত সাংসদ লে. কর্নেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম হিরু ২০১৫ সালের সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের নরসিংদী জেলা শাখার সভাপতি নির্বাচিত হন। এছাড়া বর্তমান জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মতিন ভূঁইয়া ২০০৩ সাল থেকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন।
জেলা আওয়ামী লীগের নবনিযুক্ত ভারপ্রাপ্ত সভাপতি জিএম তালেব হোসেন বলেন, জেলায় কিছু অবনতি ছিল। নেত্রী দলের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের একটা পথ উন্মুক্ত করে দিয়েছেন। এতে দল নতুন করে চাঙ্গা হবে, দলীয় কার্যক্রম আরও গতিশীল হবে। কিছুটা প্রভাব পড়লেও আমরা ঐক্যবদ্ধ হয়েই আগামী দিনে জেলা আওয়ামী লীগের সব কার্যক্রম বাস্তবায়ন করব।
