হ্যামস্ট্রিং চোটে পড়া রামোস কমপক্ষে তিন ম্যাচ খেলতে পারবেন না বলে জানিয়েছে মার্কা। এর আগে রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে বলা হয়, ১০ থেকে ১৪ দিন মাঠের বাইরে থাকতে হতে পারে অভিজ্ঞ এই ডিফেন্ডারকে।
উয়েফা নেশন্স লিগে গত মঙ্গলবার জার্মানিকে ৬-০ গোলে উড়িয়ে দেওয়া ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে চোট নিয়ে মাঠ ছাড়েন রামোস।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এই ধরনের চোট থেকে সেরে উঠতে দশ থেকে ১৪ দিন সময় লাগে। সেই হিসেবে শনিবার বাংলাদেশ সময় রাত সোয়া নয়টায় লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচ তো বটেই, আগামী বুধবার চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচেও থাকতে পারবেন না তিনি। আলাভেসের বিপক্ষেও খেলা হবে না বলে শঙ্কা করছেন চিকিৎসকেরা। এই ম্যাচ ২৮ নভেম্বর।
রামোসকে ছাড়া রিয়ালের সাম্প্রতিক রেকর্ড খুবই বাজে। চ্যাম্পিয়নস লিগে রামোস খেলেননি এমন শেষ আট ম্যাচের সাতটিতেই হেরেছে দলটি।
নিজেদের সবশেষ ম্যাচে গত ৮ নভেম্বর ভ্যালেন্সিয়ার বিপক্ষে ৪-১ গোলে হারা রিয়াল লা লিগায় সাত ম্যাচে পাঁচ জয় ও দুই ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে আছে তালিকার চারে। এক ম্যাচ বেশি খেলে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল সোসিয়েদাদ।
চ্যাম্পিয়নস লিগে ‘বি’ গ্রুপে তিন ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে চার দলের তালিকায় তিনে রিয়াল।
