অস্ট্রেলিয়ায় লক্ষ্মণের চ্যাম্পিয়ন ভারত

আপডেট : ২১ নভেম্বর ২০২০, ০২:২০ এএম

অস্ট্রেলিয়ার মাটিতে তিন ফরম্যাটেই ভারতের সিরিজ জেতার বেশ ভালো সম্ভাবনা আছে বলে মনে করেন ভিভিএস লক্ষ্মণ। সাদা বলের খেলা দিয়ে সিরিজ শুরু হওয়ায় ভারত সুবিধা পাবে বলে মনে করেন সাবেক ভারতীয় এই ব্যাটসম্যান।

সবশেষ ২০১৮-১৯-এ অস্ট্রেলিয়াতে টেস্ট ও ওয়ানডে সিরিজ জিতেছিল ভারত। ৭১ বছরে প্রথমবার ভারত টেস্ট সিরিজ জিতেছিল অস্ট্রেলিয়ায়। আইএএনএসকে দেওয়া এক সাক্ষাৎকারে লক্ষ্মণ বলেন, ‘আমি মনে করি ভারতের বেশ ভালো সুযোগ আছে সব ফরম্যাটেই (সিরিজ) জেতার। যেভাবে সূচি আছে সেটি ভারতের পক্ষে। কারণ সাদা বলের খেলা দিয়ে সিরিজ শুরু হচ্ছে।’

ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ভারত অস্ট্রেলিয়ার মাটিতেও দুর্দান্ত এক দল। তা ছাড়া ভারতীয় ক্রিকেটাররা সদ্যই শেষ করেছে আইপিএল টুর্নামেন্ট। আইপিএল খেলায় খেলোয়াড়রা বেশ ভালো অবস্থায় আছে বলে মানেন লক্ষ্মণ। ৫৩ দিনের আইপিএল টুর্নামেন্ট শেষে খেলোয়াড়রা ক্লান্ত কি-না এমন প্রশ্নের উত্তরে লক্ষ্মণ বলেন, ‘অবশ্যই না। কারণ তারা সবাই পেশাদার। নিজেদের ফিটনেস নিয়ে অনেক কাজ করে খেলোয়াড়রা। আর তাদের বেশি ভ্রমণও করতে হয়নি। তিনটি শহরে হয়েছে আইপিএল। তাই আমার মনে হয় না তারা ক্লান্ত।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত