নওগাঁ সদর ও মান্দা উপজেলায় সড়ক দুর্ঘটনায় নারীসহ তিনজন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকালের এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। এদিন সকালে চট্টগ্রামের পটিয়ায় পিকআপ চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহতের খবর পাওয়া গেছে। মান্দা থানার ওসি শাহিনুর রহমান জানান, ভুরুঙ্গামারী থেকে খড় নিয়ে একটি ট্রাক রাজশাহীর বাগমারা উপজেলার মচমইল বাজারে যাচ্ছিল। পথে ভোর সাড়ে ৪টার দিকে মান্দা ফেরিঘাট এলাকায় জোনাকি হোটেলের সামনে নওগাঁ-রাজশাহী মহাসড়কে বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই আরেকটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার আংগারিয়া গ্রামের শরৎ চন্দ্র বর্মণের ছেলে দীনেশ চন্দ্র বর্মণ (৩৫) ও দীনবন্ধু বর্মণের ছেলে দীনেশ বর্মণ (৩৭) নিহত হন। এ সময় ট্রাকচালকসহ পাঁচজন আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সদর থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন জানান, সকাল ৭টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের ডাক্তার মোড় এলাকায় বাসের জন্য দাঁড়িয়ে ছিলেন বাচাড়ী গ্রামের শামসুল হকের স্ত্রী আরিফা বেগম। এ সময় একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এদিকে পটিয়ার ঘটনায় ক্রসিং হাইওয়ে পুলিশের ওসি সিরাজুল ইসলাম জানান, গতকাল সকাল ৮টার দিকে উপজেলার জলুয়ারদীঘির পাড় এলাকায় পিকআপ চাপায় সোহানুর রহমান সোহান নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হন।
