জাতীয় শ্রমিক লীগ সভাপতি ফজলুল হক মন্টুর মৃত্যু

আপডেট : ২১ নভেম্বর ২০২০, ০২:৪৬ এএম

জাতীয় শ্রমিক লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মন্টু (৭১) গতকাল শুক্রবার ভোর ৪টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

ফজলুল হক মন্টুর মৃত্যুতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি বলেন, ‘মহান মুক্তিযুদ্ধ ও শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ফজলুল হক মন্টুর অবদান স্মরণীয় হয়ে থাকবে।’

বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মন্টুর জানাজা হয়। পরে রাজধানীর রায়েরবাজার মুক্তিযোদ্ধা কবরস্থানে দাফন করা হয় এই শ্রমিক নেতাকে। দাফনের আগে আওয়ামী লীগের পক্ষ থেকে ফুল দিয়ে তার মরদেহের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

এদিকে ফজলুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক তার শোকবার্তায় বলেন, ফজলুল হক মন্টু আজীবন শ্রমিকদের অধিকার আদায়ে কাজ করেছেন এবং মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি তার অবদানের জন্য স্মরণীয় হয়ে থাকবেন।

এছাড়া শোক প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান, স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম, সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী শ ম রেজাউল করিম, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান ও শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু, তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কেএম খালিদ, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেছা ইন্দিরা, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলামও শোক প্রকাশ করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত