নদীতে রেকর্ড ৫১ শতাংশ ডিম ছেড়েছে মা ইলিশ

আপডেট : ২১ নভেম্বর ২০২০, ০২:৪৯ এএম

নিষেধাজ্ঞার ২২ দিনে পদ্মা-মেঘনাসহ দেশের বিভিন্ন নদনদীতে প্রায় ৫১ দশমিক ২ শতাংশ ডিম ছেড়েছে মা ইলিশ। ফলে এ মৌসুমে প্রায় ৩৭ হাজার ৮০০ কোটি ইলিশের পোনা (জাটকা) পাওয়া যাবে। আগামী মার্চ-এপ্রিল দুই মাস জাটকা সংরক্ষণ করা সম্ভব হলে ইলিশের উৎপাদন লক্ষ্যমাত্রা সাড়ে ৫ লাখ মেট্রিক টন ছাড়িয়ে যাবে।

মৎস্য গবেষকদের তিনটি দল যৌথভাবে কাজ করে এ ফলাফল পেয়েছে। এ বিষয়ে চাঁদপুর মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও ইলিশ গবেষক ড. আনিসুর রহমান বলেন, ‘সংশ্লিষ্ট বিভাগের অভিযান সফল হওয়ায় এ বছর নদীতে রেকর্ড পরিমাণে ডিম ছেড়েছে মা ইলিশ। কিছু নিয়ম অনুসরণ করা গেলে আগামীতে ইলিশের উৎপাদন আরও বৃদ্ধি পাবে।’ আশ্বিনের ভরা পূর্ণিমা ও অমাবশ্যাকে কেন্দ্র করে নদীতে ডিম ছাড়ে মা ইলিশ। প্রজনন মৌসুমে ডিম ছাড়ার সুযোগ দিতে গত ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ২২ দিন চাঁদপুরের পদ্মা-মেঘনাসহ দেশের বিভিন্ন উপকূলীয় জেলার নদনদীতে ইলিশ ধরা এবং বাজারজাতে নিষেধাজ্ঞা দেয় সরকার। মৎস্য বিভাগ প্রশাসন, কোস্টগার্ড ও পুলিশের সহায়তায় মাছের অভয়াশ্রম নিশ্চিতে কাজ করে।

ইলিশ গবেষক ড. আনিস বলেন, ‘বিগত কয়েক বছর ধারাবাহিকভাবে মা ইলিশের ডিম ছাড়ার পরিমাণ বাড়ছে। ২০১৬ সালে ৪৩ দশমিক ৪৫, ২০১৭ সালে ৪৬ দশমিক ৪৭, ২০১৮ সালে ৪৭ দশমিক ৭৫ ও ২০১৯ সালে ৪৮ দশমিক ৯২ শতাংশ ডিম ছাড়ে মা ইলিশ। এ বছর রেকর্ড ৫১ দশমিক ২ শতাংশ মা ইলিশ ডিম ছেড়েছে।’

তিনি বলেন, ‘এ বছর যে পরিমাণ ডিম ছেড়েছে, তার ১০ শতাংশ টেকানো সম্ভব হলে আমরা আগামী মৌসুমে প্রায় ৩৭ হাজার ৮০০ কোটি জাটকা পেতে চলেছি। আগামী মার্চ-এপ্রিল দুই মাস জাটকা সংরক্ষণ মৌসুমে অভিযান সফল করা গেলে ইলিশের উৎপাদন সাড়ে ৫ লাখ মেট্রিক টন ছাড়িয়ে যাবে।’

জেলা মৎস্য কর্মকর্তা আসাদুল বাকী বলেন, ‘জেলা প্রশাসন, কোস্টগার্ড, পুলিশের সঙ্গে এবার মা ইলিশ সংরক্ষণ অভিযানে বিমানবাহিনী ও র‌্যাব নদীতে অভিযান চালিয়েছে। অভিযানে ৩১১ জন আটক ও পরে তাদের থেকে ২৪৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত