আড়াই মাসের মধ্যে সর্বোচ্চ হারে শনাক্ত

আপডেট : ২১ নভেম্বর ২০২০, ০৩:৩৪ এএম

দেশে করোনাভাইরাস সংক্রমণের নতুন রোগী শনাক্ত ক্রমশ বাড়ছে। সঙ্গে বাড়ছে শনাক্তের হারও। প্রায় আড়াই মাস পর রোগী শনাক্তের হার ১৪ শতাংশের ওপরে উঠেছে। গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে সাড়ে ১৫ হাজারের বেশি পরীক্ষায় ২ হাজার ২৭৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এদিন শনাক্তের হার ছিল ১৪ দশমিক ৫৮ শতাংশ, যা গত ৭৬ দিনের মধ্যে সর্বোচ্চ। এর আগে সর্বশেষ গত ৫ সেপ্টেম্বর এরচেয়ে বেশি হারে রোগী শনাক্ত হয়েছিল। এ নিয়ে টানা পাঁচ দিন দেশে ২ হাজারের বেশি করে রোগী শনাক্ত হলো। এদিকে গত কয়েক দিন করোনায় মৃত্যুর ঊর্ধ্বমুখী অবস্থার পর গতকাল মৃত্যু কমেছে। অধিদপ্তর জানিয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ১৭ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে, যা গত ৬ দিনের মধ্যে সর্বনিম্ন। এদিন মৃতদের মধ্যে ১২ জনই ঢাকা বিভাগের বাসিন্দা এবং ১০ জনের বয়স ষাটোর্ধ্ব।

গতকাল ছিল দেশে প্রথম করোনা শনাক্তের পর ২৫৮তম দিন। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশে ১১৭টি পরীক্ষাগারে করোনার নমুনা পরীক্ষা চলমান। এসব পরীক্ষাগারে সর্বশেষ ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত) ১৫ হাজার ৫৯৫টি নমুনা সংগৃহীত হয়। আগের কিছু নমুনাসহ পরীক্ষা করা হয় ১৫ হাজার ৬০৭টি। এসব পরীক্ষায় ২ হাজার ২৭৫ জন নতুন রোগী শনাক্ত হয়। শনাক্তের হার ছিল ১৪ দশমিক ৫৮ শতাংশ। সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ১৭ রোগীর মৃত্যু হয়েছে এবং বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ৭০৯ রোগী সুস্থ হয়েছে।

এতে বলা হয়, দেশে গতকাল পর্যন্ত ২৬ লাখ ২২ হাজার ৫৫৯টি নমুনা পরীক্ষায় ৪ লাখ ৪৩ হাজার ৪৩৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে মারা গেছে ৬ হাজার ৩২২ এবং সুস্থ হয়েছে ৩ লাখ ৫৮ হাজার ৪৩১ জন। বাকিরা চিকিৎসাধীন। এ পর্যন্ত যত পরীক্ষা হয়েছে তার বিপরীতে রোগী শনাক্ত হয়েছে ১৬ দশমিক ৯১ শতাংশ। শনাক্তদের মধ্যে এখন পর্যন্ত মৃত্যুহার ১ দশমিক ৪৩ ও সুস্থতার হার ৮০ দশমিক ৮৩ শতাংশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ১১ ও নারী ৬ জন। এর মধ্যে ঢাকা বিভাগে ১২, রংপুরে ২, এবং চট্টগ্রাম, রাজশাহী ও সিলেটে ১ জন করে মারা গেছে। মৃতদের মধ্যে ষাটোর্ধ্ব ১০, ৫১-৬০ বছরের ২, ৪১-৫০ বছরের ২, ৩১-৪০ বছরের ১, ২১-৩০ বছরের ১ এবং ১১-২০ বছরের ছিল ১ জন। ১৭ জনের সবাই হাসপাতালে মারা গেছে।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে করোনায় এ পর্যন্ত মৃতদের মধ্যে পুরুষ ৪ হাজার ৮৬৩ ও নারী ১ হাজার ৪৫৯ জন। শতকরা হিসাবে পুরুষ ৭৬ দশমিক ৯২ ও নারী ২৩ দশমিক ০৮ ভাগ। বিভাগগুলোর মধ্যে সর্বোচ্চ ৩ হাজার ৩৩৩ জন মারা গেছে ঢাকা বিভাগে। এ ছাড়া চট্টগ্রামে ১ হাজার ২২৮, খুলনায় ৪৮৪, রাজশাহীতে ৩৮৫, রংপুরে ২৮৯, সিলেটে ২৬১, বরিশালে ২১২ ও ময়মনসিংহে সর্বনিম্ন ১৩০ জন মারা গেছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ১৯২ রোগীকে আইসোলেশনে ও ৮৪২ জনকে কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে। বর্তমানে আইসোলেশনে ১২ হাজার ৩২৪ ও কোয়ারেন্টাইনে আছে ৩৯ হাজার ৫৪৩ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় হটলাইনগুলোতে ৪৩ হাজার ৬১৪টি কল এসেছে। সারা দেশে কভিড হাসপাতালগুলোতে ১১ হাজার ৪৫৯টি সাধারণ বেডের মধ্যে গতকাল রোগী ভর্তি ছিল ২ হাজার ৭৭৩টিতে। বাকিগুলো খালি ছিল। এ ছাড়া ৫৫৯টি আইসিইউর মধ্যে খালি ছিল ২৬৫টি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত