চট্টগ্রামের আনোয়ারায় মামলা তুলে না নেওয়ায় বাদীর বাড়িতে দফায় দফায় হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। এ সময় বাদীর পরিবারের সদস্যদের মারধর ও বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন নারীসহ ৮ জন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার পশ্চিম বৈরাগ গ্রামের আবদুস সালামের বাড়িতে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন মোহাম্মদ নাছির, মোহাম্মদ জামাল, আমেনা খাতুন, নাছির উদ্দিন, মোহাম্মদ রায়হান, জাহানারা বেগম, শাকি আকতার, নাসমিন আকতার।
হামলার শিকার মোহাম্মদ নাছির বলেন, পারিবারিক কলহের জেরে ২০১৭ সালে তার স্ত্রী চেমন আরা বেগম বাদী হয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করে। ওই মামলায় প্রতিপক্ষ মোহাম্মদ হাবিবকে (৪০) আসামি করা হয়। তখন থেকেই ওই মামলা তুলে নিতে বাদীর পরিবারকে বিভিন্ন সময় হুমকি ধমকি দিয়ে আসছে তারা। এর জের ধরে গত শুক্রবার রাতে ও শনিবার সকালে দুই দফা হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর ও পরিবারের সদস্যদের আহত করে। এমনকি আহতদের হাসপাতালে নেওয়ার সময়ও গাড়ি আটকে তারা মারধর করে। প্রতিপক্ষ মফিজ, সোহেল, রাশেদ, আবদুর রহমানসহ ভাড়াটে লোকজন নিয়ে এ হামলা চালানো হয়। আনোয়ারা থানার ওসি এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন, অভিযুক্তরা পলাতক রয়েছে।
