ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা বলেছেন, তিনি চান লিওনেল মেসি বার্সেলোনাতেই নিজের ক্যারিয়ার শেষ করুক।
ম্যানসিটি ম্যানেজার গার্দিওলা ইংলিশ ক্লাবটির সঙ্গে বৃহস্পতিবার দুই বছরের চুক্তি বাড়িয়েছেন। সবশেষ গ্রীষ্মকালীন দল বদলে যিনি মেসিকে দলে ভেড়াতে চেয়েছিলেন। নানা কারণে বার্সা ছাড়তে চাওয়া মেসিও তার সাবেক কোচ গার্দিওলার অধীনে খেলতে মুখিয়ে ছিলেন।
শেষ পর্যন্ত অবশ্য মেসিকে ছাড়েনি বার্সা। তবে কাতালান ক্লাবের সঙ্গে মেসির চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী বছর গ্রীষ্মে। চাইলে তারও আগে ১ জানুয়ারি থেকেই স্পেনের বাইরের যে কোনো দল মেসির সঙ্গে আগাম চুক্তি করতে পারে।
সিটির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানো গার্দিওলা কি প্রিয় শিষ্যকে পেতে তৎপর হবেন? এমন প্রশ্ন অনেকের মনেই ঘুরছে।
শুক্রবার সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের উত্তরে গার্দিওলা বলেন, ‘মেসি বার্সেলোনা খেলোয়াড়। এটা আমি হাজারবার বলেছি। ভক্ত হিসেবে বলছি, আমি চাই মেসি সেখানেই শেষ করুক।’
