মায়ের কোল থেকে ছিনিয়ে শিশুকে হত্যা বাবার

আপডেট : ২২ নভেম্বর ২০২০, ০৬:৪১ এএম

উচ্চশব্দে কান্না করায় ২৯ দিনের এক শিশুকে তার মায়ের কোল থেকে ছিনিয়ে আছড়ে হত্যা করেছে তার বাবা। ওই শিশুর নাম মীম। গতকাল শনিবার ভোর ৬টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পাড়াগাঁও বড় মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে বাবা কামাল হোসেন (২৮) পলাতক রয়েছেন। মা খাদিজা বেগমের দাবি, শিশুটি কান্না করায় রেগে গিয়ে খাটের ওপর আছড়ে হত্যা করে কামাল। গতকাল সন্ধ্যায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।

খাদিজা বেগম দেশ রূপান্তরকে বলেন, বিয়ের পর থেকেই কোনো কাজকর্ম করে না কামাল। তবে মাঝেমধ্যে একটি হোটেলে অস্থায়ীভাবে কাজ করে সে। শিশু মীম জন্মের আগে থেকেই একটি ছেলে সন্তানের প্রত্যাশা করেছিল কামাল। কিন্তু মেয়ে সন্তান জন্ম নেওয়ার পর থেকেই খাদিজার ওপর বিভিন্ন সময় অত্যাচার ও মারধর করে সে। শুধু তাই নয়, বিরোধ মেটাতে এগিয়ে এলে নিজের মাকেও মারধর করত কামাল। শনিবার ভোর ৬টার দিকে মীম তার মায়ের কোলে উচ্চশব্দে কান্না করছিল। এ নিয়ে খাদিজার সঙ্গে রাগারাগি করছিল কামাল। একপর্যায়ে খাদিজার কোল থেকে মীমকে ছিনিয়ে নিয়ে খাটের ওপর আছড়ে হত্যা করে সে। এরপর বাড়ি থেকে পালিয়ে যায় কামাল।

ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) আনিচুর রহমান জানান, দুপুর দেড়টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এ সময় শিশুটির মাথায় আঘাতের চিহ্ন পাওয়া যায়। ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে পাঠানো হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি ও অভিযুক্ত কামালকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত