জয়পুরহাটের কালাইয়ে হত্যা মামলায় জামিনের পর আসামিদের বিরুদ্ধে বাদীপক্ষের বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। গত শুক্রবার গভীর রাতে উপজেলার মাত্রাই কুসুমসারা গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীদের দাবি, জামিন পাওয়ার পর থেকেই তাদের পরিবারের সদস্যদের নানা ধরনের হুমকিধমকি দিয়ে আসছিল আসামিরা। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাত দেড়টার দিকে বাইরে থেকে দরজা আটকে জানালা ভেঙে ঘরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয় একদল দৃর্বৃত্ত। এতে দুটি ঘরের আসবাবপত্রসহ সবকিছুই পুড়ে যায়।
স্থানীয়রা জানান, স্থানীয় একটি স্কুলের সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে গত বছরের ৩০ আগস্ট আওয়ামী লীগ নেতা মাহবুবুর রহমান মাবুদের বাবা শামছদ্দিনকে ধারালো অস্ত্রে কুপিয়ে হত্যা করে একই এলাকার সাইফুলসহ আরও কয়েকজন। এ ঘটনায় ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও ১৫-২০ জনকে আসামি করে থানায় একটি মামলা করা হয়। এর কয়েক মাস পর বিভিন্ন সময়ে জামিনে মুক্তি পায় মামলার আসামিরা।
মাহবুবুর রহমানসহ পরিবারের সদস্যরা দেশ রূপান্তরকে বলেন, ‘আমাদের চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে আসে। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে স্থানীয়রা। আমাদের কোনো নিরাপত্তা নেই। তারা আমার বাবাকে হত্যা করেছে। এখন আমাদেরও বিভিন্নভাবে ক্ষতি ও হত্যার চেষ্টা করা হচ্ছে।’
হত্যা মামলার প্রধান আসামি সাইফুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, ‘এ ঘটনার সঙ্গে আমরা জড়িত নই। আমাদের বিরুদ্ধে মামলা করলে কিছুই করার নেই। আমরা আইনের সাহায্যে তা মোকাবিলা করব।’
স্থানীয় মাত্রাই ইউপি সদস্য, প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান ম-ল বলেন, ‘হত্যা মামলায় জামিনের পর থেকেই বাদীপক্ষকে নানাভাবে হুমকি দিয়ে আসছিল আসামিরা। এরই ধারাবাহিকতায় পুরো পরিবারকে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা করেছে বলে আমাদের ধারণা। ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’
কালাই থানার ওসি (তদন্ত) আব্দুল মালেক দেশ রূপান্তরকে বলেন, ‘অগ্নিসংযোগের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। অভিযোগ পাওয়া সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
