১৮ কোটি টাকার জাল স্ট্যাম্পসহ গ্রেপ্তার ৪

আপডেট : ২২ নভেম্বর ২০২০, ০৭:০২ এএম

১৮ কোটি টাকা মূল্যের জাল স্ট্যাম্প, ডাকটিকিট ও কোর্ট ফিসহ চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা রমনা বিভাগ (ডিবি)। গত বৃহস্পতিবার রাজধানীর পল্টন ও আশুলিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে গতকাল শনিবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার।

গ্রেপ্তাররা হলো মো. আশরাফুজ্জামান ওরফে আকাশ (৪৫), মো. মোরসালিন সরদার সোহেল (৩০), মো. রনি শেখ (২৫) ও মো. আবদুল আজিজ (২৩)।

অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার জানান, গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে জাল স্ট্যাম্প, ডাকটিকিট, কোর্ট ফি প্রস্তুতের কারখানায় অভিযান চালানো হয়। এ সময় ১৮ কোটি টাকা মূল্যের জাল স্ট্যাম্প, ডাকটিকিট ও কোর্ট ফি জব্দ করা হয়। এ ছাড়া জাল স্ট্যাম্প প্রস্তুতের জন্য ব্যবহৃত একটি কম্পিউটার, একটি প্রিন্টার, দুটি বড় ইলেকট্রিক সেলাই মেশিন, একটি লোহার সেলাই মেশিন উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় চারজনকে।

তিনি আরও জানান, গ্রেফতাররা দীর্ঘদিন ধরে জাল স্ট্যাম্প তৈরি করে ঢাকা শহরসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করত। পলাতক অভিযুক্ত মনির মোল্লা ও সাকিবসহ অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তির সহায়তা নিয়ে তারা এই কাজ করে আসছে। প্রতি পাতা জাল স্ট্যাম্প তৈরিতে ১৫-১৬ টাকা খরচ হয় এবং ২৫-৩০ টাকায় ঢাকা শহরসহ দেশের বিভিন্ন এলাকায় দিয়ে থাকে বলে গ্রেপ্তাররা জানায়। তাদের বিরুদ্ধে পল্টন মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত