লাভ জিহাদ উসকে দিয়েছে ‘অ্যা সুইটেবল বয়!’

আপডেট : ২২ নভেম্বর ২০২০, ০৮:১৩ পিএম

হিন্দু তরুণীর সঙ্গে মুসলিম তরুণের প্রেম দেখিয়ে ভারতের হিন্দুত্ববাদীদের রোষের মুখে পড়েছে বিবিসির ওয়েব সিরিজ ‘অ্যা সুইটেবল বয়’। মীরা নায়ের পরিচালিত সিরিজটি মুক্তি পায় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে।

আউটলুক ইন্ডিয়া জানায়, মন্দিরে হিন্দু তরুণী ও মুসলিম তরুণের প্রেম এবং পরস্পরকে চুমু খাওয়া মেনে নিতে পারেনি নেটিজেনদের একাংশ। এর মাধ্যমে লাভ জিহাদকে উসকে দেয়া হয়েছে বলে তাদের অভিযোগ।

নেটফ্লিক্স বয়কট করতে তরুণদের প্রতি আহ্বান জানিয়েছে তারা। এর মধ্যে ওটিটি প্ল্যাটফর্মে হিন্দু দেব-দেবীকে অবমাননার মামলা করেছেন মধ্যপ্রদেশের এক বিজেপি নেতা। যদিও ওই মামলায় অ্যা সুইটেবল বয়ের নাম উল্লেখ করা হয়নি।

ভারতীয় লেখক বিক্রম শেঠের এক উপন্যাসকে পর্দায় তুলে এনেছেন পরিচালক মীরা নায়ার। সদ্য স্বাধীন হওয়া ভারতের সামাজিক-পারিবারিক-রাজনৈতিক ঘটনাবলি অবলম্বনে তৈরি হয় ছয় পর্বের সিরিজটি।

পারিবারিক দায়িত্ব, প্রেম ও সম্পর্কের নানা টানাপোড়েনে আটকে পড়ে গল্পের নায়িকা লতা মেহরা। বিশ্ববিদ্যালয়ের এক মুসলিম বন্ধুর প্রেমে পড়ে সে। মন্দির চত্বরে তাদের চুমুর দৃশ্যও দেখানো হয় এতে। এতেই ক্ষুব্ধ হিন্দুত্ববাদী নেটিজেনরা

মধ্যপ্রদেশের বিজেপি নেতা মুখপাত্র গৌরব তিওয়ারি এক টুইটে লিখেন, ‘অ্যা সুইটেবল বয়ের একটি পর্বে তিনবার ওই মন্দিরে চুম্বনের দৃশ্য দেখানো হয়েছে। কেন এটা হবে?’ তিনি নেটফ্লিক্স অ্যাপও আনইনস্টল করে দিয়েছেন বলে জানান।

এ বিষয়ে সিরিজটির পরিচালক ও নেটফ্লিক্স কর্তৃপক্ষের কাছ থেকে এখনো কোনো মন্তব্য আসেনি। সম্প্রতি লাভ জেহাদ ছড়ানোর অভিযোগে গয়না বিপণি তানিষ্ককে বয়কটের ডাক দিয়েছিল নেটিজেনদের একাংশ। শেষপর্যন্ত বিজ্ঞাপনটি সরিয়ে ফেলতে হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত