‘মাসুদ রানা’য় পূজা চেরীকে নিয়ে গুঞ্জন

আপডেট : ২৩ নভেম্বর ২০২০, ১২:২২ এএম

জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরী নাওয়া-খাওয়া ভুলে গেছেন। শ্যুটিংয়ে ব্যস্ত থাকার জন্য পড়াশুনায় সেভাবে মন দিতে পারেন না। কিন্তু পরীক্ষা তো আর কারও জন্য অপেক্ষা করে না। তাই রাতদিন এক করে পড়াশুনা করছেন এই নায়িকা। পূজা এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী। কয়েকদিন ধরে অনলাইনে পরীক্ষা দিচ্ছেন। পরীক্ষার ফাঁকেই বললেন, ‘আমি এখন পরীক্ষা দিচ্ছি। ফাঁকি দিতে চাই না। তাই টানা শুধু লিখছি। লিখতে গিয়ে হাত ব্যথা হয়ে যাচ্ছে। তারপরও হাল ছাড়ছি না। ভালো ফলাফল করতে চাই। খাওয়া বাদে বাকিটা সময় পড়াশুনায় ব্যস্ত আছি।’ পূজা আরও বলেন, ‘ডিসেম্বরের বেশিরভাগ সময় শ্যুটিংয়ে ব্যস্ত থাকব। তার আগে আবার বড় ভাইয়ের বিয়ে। তখন আলাদা ব্যস্ততা থাকবে। করোনার সময় আমরা যতই বলি ছোট পরিসরে বিয়ের অনুষ্ঠান করব, তা আসলে হয় না। বিয়ের নানা ধরনের পর্ব থাকে, সেগুলো সব সম্পন্ন হতে দেড় দুই সপ্তাহ লেগেই যায়। এজন্য এখন সিলেবাসটা একটু এগিয়ে রাখছি।’

জাজ মাল্টিমিডিয়ার নতুন সিনেমা ‘মাসুদ রানা’য় রাসেল রানার নায়িকা হিসেবে পূজা কাজ করবেন বলে গুঞ্জন উঠেছে। এ প্রসঙ্গে পূজা বলেন, ‘আমি এ বিষয়ে এখনই কিছু বলতে চাই না। এটা প্রযোজনা সংস্থার বিষয়। তারা আগে সবাইকে জানাবে, তারপর আমি কথা বলতে পারব।’ সিনেমাটি পরিচালনা করবেন সৈকত নাসির। তিনি বলেন, ‘এ সিনেমাটির শ্যুটিং শুরু হবে ডিসেম্বরের শেষের দিকে। এটা নিয়ে শুধু এটুকু বলতে পারি যে, এর নায়ক রাসেল রানা। পূজা চেরীর নাম কেন এসেছে তা আমিও জানি না। প্রযোজনা প্রতিষ্ঠান যাকে মানানসই মনে করবে তাকেই নায়িকা নেবে।’ ফেইসবুকে সৈকত নাসিরের দুই পাশে রাসেল রানা আর পূজা চেরীর ছবি দেখে অনেকে ভেবেই নিয়েছেন তারাই হচ্ছেন মাসুদ রানা’র নায়ক-নায়িকা। এ প্রসঙ্গে পরিচালক সৈকত নাসির বলেন, ‘ছবিটার কোনো বিশেষ তাৎপর্য নেই। আমরা এমনিই একদিন আলাপের মধ্যে ছবিটি তুলি।’

মোটকথা এ বিষয়ে সংশ্লিষ্ট কেউই কিছু বলতে নারাজ। তবে পূজার ছবিটি করার বিষয়টি একেবারে অমূলক নয়। আসলেই পূজা ‘মাসুদ রানা’র নায়িকা হচ্ছেন কি না তা জানা যাবে ডিসেম্বরের শেষ দিকে।’

দীর্ঘ আট মাস ঘরবন্দি ছিলেন পূজা চেরী। করোনার জন্য তার এক বছরের সব সিডিউল ওলট-পালট হয়ে গেছে। সম্প্রতি বিরতি শেষে সরকারি অনুদানের ‘হৃদিতা’র শ্যুটিং শুরু করেন। প্রথম দফার কাজ শেষ হয়েছে। আবার ডিসেম্বরে শ্যুটিং করতে হবে। পূজা বলেন, ‘কাজটি করে খুব ভালো লাগছে। পরিচালনা করছেন যুগল নির্মাতা ইস্পাহানি আরিফ জাহান। আমি নাম-ভূমিকায় ‘হৃদিতা’র চরিত্রে অভিনয় করছি। কথাসাহিত্যিক আনিসুল হকের উপন্যাস অবলম্বনে সিনেমাটি নির্মিত হচ্ছে। চিত্রনাট্যে ৯০-এর দশকের প্রেম-বিরহকে এখনকার সময়ের সঙ্গে  বেঁধে ফেলা হয়েছে। মনে হচ্ছে, ভালো কিছু হবে।’ তিনি আরও বলেন, ‘একেবারেই নতুন টিমের সঙ্গে কাজ করছি। এত দিন যে সিনেমাগুলো করেছি, তার বেশির ভাগ পরিচালকই নতুন। তবে ইস্পাহানি আরিফ জাহান অনেক অভিজ্ঞ পরিচালক। তাই এই সিনেমায় আমার খাটুনি একটু কম হচ্ছে। নায়ক এ বি এম সুমনের সঙ্গেও এটি আমার প্রথম কাজ। অনেকে ফেইসবুকে বলেছেন তাকে আমার চেয়ে অনেক বড় লাগে। যারা বলেছেন তারা কিছু না জেনেই কথা বলছেন। যারা উপন্যাসটি পড়েছেন তারা জানেন, গল্পে নায়ক হৃদিতার চেয়ে বেশ বড়। সে হিসেবেই সুমন পারফেক্ট।’

পূজা এর মধ্যে বেশ কিছু শর্টফিল্ম ও ওয়েব সিরিজের প্রস্তাব পেয়েছেন। কিন্তু তিনি এখন শুধু সিনেমাতেই মনোযোগ দিতে চান। ভালোমানের সিনেমা নিয়েই দর্শকের সামনে হাজির হওয়ার ইচ্ছা তার। এখন তার হাতে আছে ‘জিন’, ‘শান’, ‘সাইকো’ ও ‘হৃদিতা’ সিনেমাগুলো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত