ভাস্কর্য স্থাপন বন্ধের দাবি নোংরা রাজনীতি মন্তব্য করে বাংলাদেশ সম্মিলিত ইসলামী জোটের সভাপতি হাফেজ মাওলানা জিয়াউল হাসান বলেছেন, ‘ভাস্কর্যকে মূর্তির সঙ্গে তুলনা এবং এটা শিরক বা বিজাতীয় সংস্কৃতির অনুপ্রবেশ হিসেবে আখ্যায়িত করে তা স্থাপন বন্ধের দাবি মামাবাড়ির আবদার।’ গতকাল রবিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে জোটের পক্ষে এ কথা বলেন তিনি।
জিয়াউল হাসান বলেন, ‘ধর্মের ছদ্মাবরণে সরলমনা নিরীহ মানুষকে বিভ্রান্ত করা এবং গুজব রটিয়ে তাদের রাজপথে নামিয়ে অরাজকতা সৃষ্টি করা ধার্মিকতার লক্ষণ নয়। ভাস্কর্য স্থাপন বিজাতীয় সংস্কৃতি নয়। এটা আল্লাহর সঙ্গে অংশীদারত্বের মিশ্রণ ছাড়াই আমাদের দেশে স্থাপিত হয়ে আসছে।’
তিনি আরও বলেন, ‘হযরত আয়েশা (রা.) এর ঘরে ঘোড়ার ছোট মূর্তি রাখা ছিল। কই রাসুল (সা.) তা রাখাতে তো নিষেধ করেননি। একইভাবে যেসব ভাস্কর্য সৌন্দর্যচর্চা ও রুচিশীলতার পরিচয় বা ঐতিহাসিক কোনো ঘটনার স্মৃতিফলক হিসেবে স্থাপিত হয় তা ইসলামি শিক্ষানুযায়ী নিষিদ্ধ নয়।’
সংবাদ সম্মেলনে সংগঠনটির সহ-সভাপতি মুফতি জোবাইদ আলী, ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান মিয়া, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আবুল হোসেনসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
