অচেনা কোহলির খোঁজ দিলেন অ্যাডাম জাম্পা

আপডেট : ২৩ নভেম্বর ২০২০, ০১:৫১ এএম

মাঠে যে আগ্রাসী বিরাট কোহলির দেখা মেলে, খেলা শেষে সেই তাকেই দেখায় একেবারে অন্য রকম। ভারত অধিনায়ক সম্পর্কে এমনই মূল্যায়ন অস্ট্রেলিয়ার লেগস্পিনার অ্যাডাম জাম্পার।

এক সাক্ষাৎকারে জাম্পা ভারত অধিনায়ক কোহলির মাঠের বাইরের দিক নিয়ে কথা বলেছেন। যিনি আইপিএল দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে কোহলির সতীর্থ। জাম্পা অচেনা এক কোহলির খোঁজ দিয়েছেন।

মাঠের বাইরে বিরাট কোহলি ঠিক কেমন? জাম্পা বলেছেন, ‘ক্রিকেট মাঠে যেমন দেখা যায়, কোহলি কিন্তু একেবারেই তা নয়। ট্রেনিং এবং মাঠে ওকে একাগ্র দেখায়। ও প্রতিযোগিতা ভালোবেসে। অন্য যে কারো মতো হারতে ঘৃণা করে। আর বাকিদের চেয়ে হয়তো এটা ও বেশি প্রকাশ করে। তবে মাঠ থেকে বেরিয়ে আসার পর ও একেবারে শান্ত। বাসে ও ইউটিউবের ক্লিপ দেখে। জোরে জোরে হাসে।’

ক্রিকেট অস্ট্রেলিয়ার পোস্ট করা এক মজার রান আউটের ভিডিও দেখে কোহলির ক্রমাগত হাসির কথা এখনো মনে গেঁথে আছে জাম্পার। তিনি বলেছেন, ‘ক্রিকেট অস্ট্রেলিয়ার একটা মজার ক্লিপ দেখে ও টানা ৩ সপ্তাহ ধরে হেসেছে। ও জোকস বলতে ভালোবাসে। কফি, ট্র্যাভেলিং, খাওয়া-দাওয়া নিয়ে কথা বলে। ওর সঙ্গে কথা বলতে ভাল লাগে, মজা হয়।’

২৭ নভেম্বর ওয়ানডে দিয়ে শুরু হবে স্বাগতিক অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যকার লড়াই। আইপিএলের দুই সতীর্থ কোহলি-জাম্পা তখন হয়ে যাবেন ‘শত্রু’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত