আগুনে পুড়ে বাবা মেয়ের মৃত্যু, মা আশঙ্কাজনক

আপডেট : ২৩ নভেম্বর ২০২০, ০২:২৪ এএম

নারায়ণগঞ্জের ফতুল্লায় বসতঘরে অগ্নিকান্ডের ঘটনায় দগ্ধ বাবা ও মেয়ে মারা গেছেন। গত শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাদের। এর আগে গত শুক্রবার গভীর রাতে ফতুল্লার দাপা ইদ্রাকপুর সরদার বাড়ি এলাকায় আনোয়ার হোসেনের বাড়িতে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। মৃতের স্বজনদের ধারণা, রান্নাঘর থেকে লিকেজ হয়ে ঘরের ভেতর গ্যাস জমে ছিল। এরপর লাইটার দিয়ে মশার কয়েল ধরাতে গিয়ে আগুন জ্বলে উঠে। অগ্নিকান্ডে মৃতরা হলেন বরিশালের দীপায়ন সরকার (৩৫) ও তার মেয়ে দিয়া রানী সরকার (৫)। একই ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন মা পপি সরকার (২৮)।

পপি সরকারের বরাত দিয়ে দীপায়নের ভগ্নিপতি সুসেন সরকার দেশ রূপান্তরকে বলেন, ‘শুক্রবার মধ্যরাতে গ্যাস লাইটার দিয়ে মশার কয়েল ধরাতে গেলে রুমের মধ্যে আগুন লেগে যায়। এ সময় তাদের চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নেভায়। পরে তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।’ চিকিৎসকের বরাত দিয়ে তিনি বলেন, ‘দীপায়নের শরীরের ৪৮ শতাংশ, দিয়ার ৪০ শতাংশ ও পপির ৩০ শতাংশ পুড়ে গেছে। মূলত তাদের মুখমন্ডল ও শ্বাসনালি পুড়ে যাওয়ায় শনিবার রাত ৮টার দিকে দীপায়ন ও রাত সাড়ে ১০টার দিকে দিয়ার মৃত্যু হয়।’

সুসেন আরও বলেন, ‘গ্রামে খুব কষ্টে জীবনযাপন করছিল দীপায়ন-পপি দম্পতি। তাই দুজনকে কাজের জোগাড় করে দেওয়ার কথা বলে তাদের শহরে আসতে বলি। ১০ দিন আগে গ্রাম থেকে পরিবার নিয়ে বরিশাল থেকে নারায়ণগঞ্জে আসে তারা। একতলা ভবনের সারি সারি রুমের মধ্যে একটি রুম ভাড়া নিয়েছিল তারা। পাশেই রান্নাঘর ছিল। হয়তো রান্না শেষে গ্যাস ভালোভাবে বন্ধ করেনি। যার জন্য গ্যাস লিকেজ হয়ে ঘরের ভেতর জমেছিল। যখনই গ্যাস লাইটটা দিয়ে কয়েল ধরাতে গেছে তখনই আগুন জ্বলে উঠে। দীপায়নের একটি কাজের জন্য কয়েক জায়গায় কথাও চলছিল। এরই মধ্যে কীভাবে কী হয়ে গেল কিছুই বুঝতে পারছি না।’

ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত