এক ঝাঁক তারকা নিয়ে ফুটবলের সিনেমা ‘দামাল’

আপডেট : ২৩ নভেম্বর ২০২০, ০২:২২ পিএম

‘পোড়ামন টু’-খ্যাত রায়হান রাফী বেশ আগেই জানিয়েছিলেন, মুক্তিযুদ্ধ ও সেই সময়ের স্বাধীন বাংলা ফুটবল দল নিয়ে সিনেমা তৈরি করছেন। এবার জানা গেল, ‘দামাল’ নামের এ সিনেমায় থাকছেন একঝাঁক তারকা।

অভিনয়শিল্পীদের মধ্যে আছেন বিদ্যা সিনহা মিম, শরিফুল রাজ, সিয়াম আহমেদ, শাহনাজ সুমী, অথৈ, সাঈদ বাবু, রাশেদ মামুন অপু, সৈয়দ নাজমুস সাকিব, পূজা, বৃষ্টি প্রমুখ।

ফরিদুর রেজা সাগরের কাহিনিতে প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম। পরিচালকের সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য করেছেন নাজিম উদ দোলা।

২৫ নভেম্বর ঢাকার বাইরে ছবির শুটিং শুরু হচ্ছে।

এর আগে রবিবার রাজধানীর বনানীতে শিল্পী পরিচিতি অনুষ্ঠানের আয়োজন করে প্রযোজনা প্রতিষ্ঠান।

‘দামাল’-এ সব মিলিয়ে ৫০০ শিল্পী কাজ করবেন বলে জানান ছবির ক্রিয়েটিভ প্রোডিউসার আবু শাহেদ ইমন।

এ দিকে স্বাধীন বাংলা ফুটবল টিম নিয়ে সরকারি অনুদানে আরেকটি ছবি নির্মাণ করছেন ‘দেবী’-খ্যাত অনম বিশ্বাস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত