সম্প্রতি করোনায় আক্রান্ত হন সত্তর-আশির দশকের হিট নায়ক ও সাংসদ আকবর হোসেন পাঠান ফারুক। এবার জানা গেল, এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন তার স্ত্রী ফারহানা পাঠান ও মেয়ে ফারিহা তাবাসসুম পাঠান তুলসী।
তিনজনেরই শরীরে আপাতত কোনো উপসর্গ নেই বলে সংবাদমাধ্যমকে জানান ঢালিউডের ‘মিয়াভাই’।
কিছুদিন আগে শারীরিক জটিলতা নিয়ে সিঙ্গাপুরে চিকিৎসা করাতে যান ফারুক। ফিরে আসার কিছুদিন পর করোনায় আক্রান্ত হন তিনি। অভিনেতা জানান, তার সেবা-শুশ্রূষা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিল স্ত্রী ও মেয়ে। সম্প্রতি তাদের শরীরে কভিড-১৯ ধরা পড়ে।
ফারুক জানান, মঙ্গলবার তার আবারও করোনা পরীক্ষা করা হবে। যেহেতু কোনো লক্ষণ নেই তাই ফল নেগেটিভ হবে বলে আশা করছেন।
গত ১৫ নভেম্বর ফারুকের শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। তাকে পরদিন সন্ধ্যায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
ফারুকের সঙ্গে হাসপাতালেই থাকছেন তার স্ত্রী ফারহানা। আর বাসায় আইসোলেশনে আছেন তুলসী।
