পৃথক ঘটনায় দুই অজ্ঞাতনামা ভবঘুরে ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে রাজধানীর শাহবাগ থানা-পুলিশ। বকশীবাজার মোড় ও দোয়েল চত্বর থেকে সোমবার সকাল সাড়ে ৭টায় একটি এবং সাড়ে ১০টায় আরেকটি লাশ উদ্ধার করা হয়।
মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
শাহবাগ থানার এসআই শামছুর রহমান বলেন, আমরা খবর পেয়ে সকাল ১০টার দিকে বকশীবাজার মোড়ে ফুটপাত থেকে আনুমানিক ৩৫ বছর বয়সের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করি। ওই ব্যক্তি এলাকাতেই ভবঘুরে জীবনযাপন করতেন। অসুস্থতাজনিত কারণেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
অপরদিকে, শাহবাগ থানার অপর এসআই মেহেদী হাসান জানান, সকাল সাড়ে ৭টার দিকে খবর পেয়ে দোয়েল চত্বরের এলাকার ফুটপাত থেকে অজ্ঞাতনামা (৪৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই ব্যক্তি এলাকায় ভবঘুরে জীবনযাপন করতেন বলে স্থানীয়রা জানিয়েছেন। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
