২৫ পৌরসভা নির্বাচন

মনোনয়ন ফরম সংগ্রহের আহ্বান আওয়ামী লীগের

আপডেট : ২৪ নভেম্বর ২০২০, ০১:৫২ এএম

আসন্ন ২৫টি পৌরসভা নির্বাচনের জন্য দলের মনোনয়ন প্রত্যাশীদের আবেদনপত্র সংগ্রহের আহ্বান জানিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। গতকাল সোমবার দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল ২৪ নভেম্বর মঙ্গলবার থেকে ২৭ নভেম্বর শুক্রবার সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম বিতরণ করবে আওয়ামী লীগ। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানম-ির রাজনৈতিক কার্যালয়ে দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ এবং আবেদনপত্র জমা প্রদান করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংশ্লিষ্ট জেলা/উপজেলা/পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত রেজুলেশনে প্রস্তাবিত প্রার্থীরা মনোনয়ন ফরম কিনতে পারবেন। যথাযথ স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে এবং কোনো ধরনের লোকসমাগম ছাড়া প্রার্থী নিজে অথবা প্রার্থীর একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ ও জমা প্রদান করতে হবে। আবেদনপত্র সংগ্রহের সময় প্রার্থীকে অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে।

পৌরসভাগুলো হচ্ছে : পঞ্চগড় জেলার পঞ্চগড়, ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ, দিনাজপুরের ফুলবাড়ী, রংপুরের বদরগঞ্জ, কুড়িগ্রাম জেলার কুড়িগ্রাম, রাজশাহীর পুঠিয়া ও কাটাখালী, সিরাজগঞ্জের শাহজাদপুর, পাবনার চাটমোহর, কুষ্টিয়ার খোকসা, চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা, খুলনার চালনা, বরগুনার বেতাগী, পটুয়াখালীর কলাপাড়া, বরিশালের উজিরপুর ও বাকেরগঞ্জ, মানিকগঞ্জ জেলার মানিকগঞ্জ, ঢাকার ধামরাই, গাজীপুরের শ্রীপুর, ময়মনসিংহের গফরগাঁও, নেত্রকোনার মদন, সুনামগঞ্জের দীরাই, মৌলভীবাজারের বড়লেখা, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ এবং   চট্টগ্রামের সীতাকুণ্ড।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত