প্রাথমিকে পরীক্ষা ছাড়াই মূল্যায়ন রোল থাকবে একই

আপডেট : ২৪ নভেম্বর ২০২০, ০২:১৭ এএম

মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের বার্ষিক পরীক্ষা না নিয়ে মূল্যায়ন পদ্ধতি ঘোষণা করা হয়েছে আগেই। ঝুলে ছিল

প্রাথমিকের মূল্যায়ন পদ্ধতি। অবশেষে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে জানানো হলো, প্রাথমিকে পরীক্ষা ছাড়াই শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। পরবর্তী ক্লাসে একই রোল নিয়ে উঠবে তারা।

গতকাল সোমবার অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বছরের প্রথম আড়াই মাসে হওয়া ক্লাস এবং টিভি ও রেডিওতে হওয়া ক্লাসের ভিত্তিতে নিজ নিজ শিক্ষার্থীদের নিজেদের মতো করে মূল্যায়ন করবেন শিক্ষকরা। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে মূল্যায়নের কাজটি শেষ করতে হবে। এর মাধ্যমে মোটা দাগে সব শিক্ষার্থীই পরীক্ষা ছাড়া ওপরের শ্রেণিতে উঠবে। আর ওপরের শ্রেণিতে ওঠার পর তাদের রোল নম্বর আগের ক্লাসের রোল নম্বরই থাকবে। তবে কোনো অভিভাবক মনে করলে তার সন্তানকে আগের শ্রেণিতেও রাখার সুযোগ পাবেন।

জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম বলেন, ‘মূল্যায়নের বিষয়টি শিক্ষকদের ওপরই ছেড়ে দেওয়া হয়েছে। তবে এই মূল্যায়নে কোনো পরীক্ষা হবে না। আর মাঠপর্যায়ের কর্মকর্তারা আগের শ্রেণির রোল নম্বর রাখতে মত দিয়েছেন।’

উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণের কারণে ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি চলছে। সর্বশেষ ঘোষণা অনুযায়ী আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত ছুটি বহাল থাকবে। বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) তথ্য অনুযায়ী, বর্তমানে সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন ও বেসরকারি স্কুল মিলিয়ে প্রাথমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে ১ লাখ ২৯ হাজার ২৫৮টি। এসব প্রতিষ্ঠানে মোট শিক্ষার্থী প্রায় ১ কোটি ৬৩ লাখ। এগুলোর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (৬৫৬২০টি) শিক্ষার্থী ১ কোটি ১৪ লাখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত