রামোস-বেনজেমাকে ছাড়া ইন্তারে রিয়াল

আপডেট : ২৫ নভেম্বর ২০২০, ১২:২৬ এএম

চ্যাম্পিয়নস লিগে আজ রাতে ‘বি’ গ্রুপের ম্যাচে ইন্তার মিলানের মাঠে খেলতে নামবে রিয়াল মাদ্রিদ। গ্রুপে কাগজে-কলমে এই দুই দল শক্তিশালী হলেও পয়েন্টের হিসাবে পিছিয়ে আছে তারা। রিয়াল আছে

তৃতীয়তে, ইন্তার চতুর্থ অবস্থানে। তাই ওপরের দিকে উঠতে হলে জয়ের কোনো বিকল্প নেই দল দুটির সামনে।

লা লিগাতে ভালো অবস্থানে নেই জিনেদিন জিদানের রিয়াল। ৯ ম্যাচ শেষে ১৭ পয়েন্টে তাদের অবস্থান চতুর্থ। লিগের সবশেষ দুই ম্যাচে একটি হেরেছে, একটি ড্র। ইউরোপ সেরার মঞ্চে দলটির পারফরম্যান্স আরও খারাপ। আগের তিন ম্যাচের একটিতে হার এবং একটিতে ড্র করে মাদ্রিদিস্তারা। যে একটি জয়, সেটি এসেছে গেল ৩ নভেম্বর এই ইন্তারের বিপক্ষেই। নিজেদের মাঠে রিয়াল জিতেছিল ৩-২ গোলে। বদলি হিসেবে নেমে জয়সূচক গোলটি করেছিলেন রদ্রিগো।

সিরি আ’তে সবশেষ ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জয় পেয়েছে আন্তোনিও কন্তের দল। সান সিরোয় তুরিনোর বিপক্ষে ২ গোলে পিছিয়ে পড়ে শেষ পর্যন্ত জেতে ৪-২ গোলে। তাই আজ ম্যাচ সান সিরোতে হওয়ায় বাড়তি সতর্ক থাকতে হচ্ছে জিদানকে। ইন্তারের তিনজন খেলোয়াড় আছেন আইসোলেশনে, তারা হলেন আলেকজান্দার কলারোভ, মার্সেলো ব্রজোভিচ এবং দানিলে পাদেল্লি। এদিকে রিয়াল মাদ্রিদ পাবে না ইনজুরি আক্রান্ত সার্জিও রামোস, কভিড পজিটিভ লুকা জভিচকে। মিলানে যাওয়া ২১ সদস্যের রিয়াল স্কোয়াডে রাখা হয়নি করিম বেনজেমাকে। তবে স্বস্তির খবর ফিরেছেন কাসেমিরো। রামোস আগে থেকেই ইনজুরিতে আছেন।

গ্রুপের অপর ম্যাচে মনশেনগ্লাডবাখ আতিথেয়তা দেবে শাখতার দোনেৎস্ককে। ৫ পয়েন্টে মনশেনগ্লাডবাখ গ্রুপে শীর্ষে, ৪ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে দুইয়ে শাখতার, যারা রিয়ালকে মাদ্রিদকে হারিয়ে চমক দেখিয়েছিল।

‘ডি’ গ্রুপে অ্যানফিল্ডে লিভারপুল খেলবে আতালান্তার বিপক্ষে। এই ম্যাচ জিতলে প্রি-কোয়ার্টার নিশ্চিত হবে ইয়ুর্গেন ক্লপের দলের। তিন ম্যাচের সবকটি জিতে গ্রুপ শীর্ষে আছে তারা। গত ৩ নভেম্বর আতালান্তাকে তাদের মাঠে ৫-০তে হারিয়েছিল লিভারপুল। গ্রুপের অন্য ম্যাচে ৪ পয়েন্টে দ্বিতীয় স্থানে থাকা আয়াক্স আতিথেয়তা দেবে তলানির দল মিডজিল্যান্ডকে।

‘এ’ গ্রুপে আগের তিন ম্যাচ জয়ী বায়ার্ন মিউনিখ নিজেদের মাঠে আজ এফসি সালজবুর্গকে হারালেই নিশ্চিত হবে তাদের প্রি-কোয়ার্টার। ফর্মে থাকা বায়ার্ন এর আগের দেখায় সালজবুর্গকে হারিয়েছিল ৬-২ ব্যবধানে। তবে বুন্দেসলিগায় সবশেষ ম্যাচে ওয়ের্ডার ব্রেমেনের সঙ্গে ১-১ গোলে ড্র করে হোঁচট খেয়েছে বাভারিয়ানরা। গ্রুপের অপর ম্যাচে আতলেতিকো মাদ্রিদ খেলবে লোকোমোটিভ মস্কোর বিপক্ষে। লা লিগায় বার্সেলোনাকে হারিয়ে দারুণ ছন্দে আছে ডিয়েগো সিমিওনের দল। আছে দ্বিতীয় অবস্থানে। চ্যাম্পিয়নস লিগে মস্কোর বিপক্ষে আতলেতিকোর আগের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। তাই এই ম্যাচে উভয় দলের জয়ের সুযোগ সমান সমান বলা যায়।

ইংলিশ প্রিমিয়ার লিগে ফর্ম খারাপ থাকলেও চ্যাম্পিয়নস লিগে তিন ম্যাচের সবকটি জিতেছে ম্যানচেস্টার সিটি। পেপ গার্দিওলার দল আজ গ্রিক ক্লাব অলিম্পিয়াকোসকে হারালেই প্রি-কোয়ার্টার নিশ্চিত। আগের দেখায় ৩-০ গোলের সহজ জয় পেয়েছিল ম্যানসিটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত