‘ফ্যাবুলাস ফাইভ’-এ বিশ্বাস শাস্ত্রির

আপডেট : ২৫ নভেম্বর ২০২০, ১২:৩০ এএম

এখন পর্যন্ত মাত্র একটি দিবারাত্রির টেস্ট খেলেছে ভারত। বিপরীতে অস্ট্রেলিয়া খেলেছে সাতটি। সবকটিতেই জয়ের রেকর্ড তাদের। ভারত জিতেছে বাংলাদেশের বিপক্ষে। এ ছাড়া অস্ট্রেলিয়ায় খেলা হয় ‘কুকাবুরা’ বল দিয়ে। ভারত খেলেছে ‘এসজি’ বল দিয়ে। দুই বল কন্ডিশন ভেদে অবশ্যই দুই রকম আচরণ করে। ম্যাচ খেলা এবং বলের সঙ্গে মানিয়ে নেওয়ার দিক থেকে অস্ট্রেলিয়ার চেয়ে অভিজ্ঞতায় অনেক পিছিয়ে ভারত। তবুও কোচ রবি শাস্ত্রির বিশ্বাস, এই ব্যবধান ঘুচিয়ে গাভাস্কার-বোর্ডার সিরিজ জিততে পারবে তার দল।

তার ভাষায় দলের ‘ফ্যাবুলাস ফাইভ’ পেসারদের ওপর আস্থা রবি শাস্ত্রির। যেকোনো কন্ডিশনে মানিয়ে নিতে পারে বলেই পেসারদের নিয়ে এমনটা বলেছেন সাবেক ভারত অলরাউন্ডার। ‘আমরা সিরিজটা দিবারাত্রির টেস্ট দিয়ে শুরু করছি যেখানে আমাদের অভিজ্ঞতা কম। আমরা মাত্র একটা দিবারাত্রির টেস্ট খেলেছি বাংলাদেশের বিপক্ষে। অস্ট্রেলিয়ার সঙ্গে মানের দিক থেকে তাদের বিরাট ব্যবধান। এ ছাড়া ঘরোয়া ক্রিকেটেও আমরা গোলাপি বলে বেশি খেলিনি। তবুও আমি চাই তারা মাঠে নামুক এবং স্বাভাবিক খেলাটাই খেলুক।’

ব্যাটসম্যানদের জন্য শুরুতেই মানিয়ে নেওয়া কঠিন হলেও জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ শামির নেতৃত্বে পেস বিভাগ খুবই ইতিবাচক শাস্ত্রির কাছে। তারা যেকোনো পরিবেশে দ্রুত মানিয়ে নিতে পারে বলে জানান শাস্ত্রি, ‘আমাদের ফ্যাবুলাস ফাইভ (পাঁচ পেসার) আছে। আমি জানি যদি আমাদের বোর্ডে রান থাকে তবে দেখবেন ওরা কীভাবে প্রতিপক্ষকে শিকার করে। তারা অবশ্যই অস্ট্রেলিয়াকে তাদের মাটিতে কাবু করার সামর্থ্য রাখে। সামনের সিরিজে আমরা অবশ্যই ভয়ডরহীন ক্রিকেট খেলব। আমাদের ওপর কোনো চাপ নেই। গত মৌসুমে শিরোপা জিতেছি বলে এবারও জিতব এমন ভাবনা আনছি না। এই চাপ না নিলেই আমরা ভালো ক্রিকেট খেলতে পারব।’

রোহিত নেই প্রথম দুই টেস্টে : এদিকে দলের দুই অভিজ্ঞ সদস্য রোহিত ও ইশান্ত শর্মাকে সিরিজের প্রথম দুই টেস্টে পাচ্ছে না ভারত। দুজনেরই ইনজুরির সমস্যা। বেঙ্গালুরুর জাতীয় অ্যাকাডেমিতে রাহুল দ্রাবিড়ের তত্ত্বাবধানে পুনর্বাসনে আছেন দুজনে। ইশান্তের ইনজুরির যা অবস্থা তাতে ফিট হতে আরও চার সপ্তাহ লাগবে তার। ডিসেম্বরের শুরুতে অস্ট্রেলিয়া গিয়ে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে এ পেসারকে। রোহিতও ৮ ডিসেম্বর অস্ট্রেলিয়া পৌঁছে ১৪ দিনের কোয়ারেন্টাইন করবেন। কোয়ারেন্টাইন শেষে প্রস্তুতির ব্যাপার আছে। তাই সব মিলিয়ে শুরুর দুই টেস্টে দুজনকে পাবে না ভারত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত