যাবজ্জীবন মানে কত সময় জানা যাবে মঙ্গলবার

আপডেট : ২৫ নভেম্বর ২০২০, ০৩:০৯ এএম

‘যাবজ্জীবন মানে আমৃত্যু কারাবাস’ আপিল বিভাগের এমন অভিমত অসামঞ্জস্যপূর্ণ দাবি করে এটি পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামির করা আবেদনের ওপর রায় ঘোষণার জন্য আগামী ১ ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে গঠিত পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ গতকাল মঙ্গলবার এক আদেশে এ বিষয়ে রায়ের জন্য এ দিন ধার্য করে। যাবজ্জীবন আজীবন কারাবাস নাকি তা নির্দিষ্ট সময়ের জন্য তা এই রায়ের মাধ্যমে জানা যাবে। রিভিউ আবেদনের ওপর গত বছরের ১১ জুলাই শুনানি শেষে রায় যেকোনো দিন ঘোষণা করা হবে মর্মে তা অপেক্ষমাণ রেখেছিল সর্বোচ্চ আদালত।

এ মামলায় অ্যামিকাস কিউরি (আদালতে আইনি সহায়তাকারী) হিসেবে সর্বোচ্চ আদালতে মতামত দেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রেজাক খান,  ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, অ্যাডভোকেট মুনসুরুল হক চৌধুরী, সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি (বর্তমানে অ্যাটর্নি জেনারেল) অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন। আদালতে রিভিউ আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন এবং সঙ্গে ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন প্রয়াত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

২০০১ সালে সাভারে জামান নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যার ঘটনায় ২০০৩ সালের ১৫ অক্টোবর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল এক রায়ে আতাউর মৃধা ওরফে আতাউর ও আনোয়ার হোসেন নামে দুই আসামিকে মৃত্যুদন্ড দেয়। আসামিদের ডেথ রেফারেন্স (মৃত্যুদন্ড অনুমোদন) ও আপিলের শুনানি শেষে ২০০৭ সালের ৩০ অক্টোবর হাইকোর্ট তার রায়ে দুজনের মৃত্যুদন্ড বহাল রাখে। হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে আসামিরা আপিল করলে ২০১৭ সালের ১৪ ফেব্রুয়ারি তখনকার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার নেতৃত্বে গঠিত আপিল বিভাগ এক রায়ে দুই আসামির মৃত্যুদ-ের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদন্ড দেয়। পাশাপাশি যাবজ্জীবন মানে ‘আমৃত্যু কারাবাস’সহ সাত দফা অভিমত দেয় সর্বোচ্চ আদালত। আপিল বিভাগের দেওয়া ওই রায়ের বিরুদ্ধে আসামি আতাউর মৃধা রায় পুনর্বিবেচনার আবেদন করেন।

আসামিপক্ষের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন শুনানিতে বলেন, ফৌজদারি বিচারব্যবস্থার মূল লক্ষ্য দন্ডিত ব্যক্তির সংশোধন ও সংস্কার। দন্ডবিধিতে আমৃত্যু কারাদন্ড নামে কোনো দন্ড নেই। প্রচলিত ফৌজদারি আইন ও কারাবিধি অনুযায়ী যাবজ্জীবন কারাদন্ড মানে ৩০ বছর সাজা। আসামি রেয়াত পেলে ওই সাজা কমে হয় সাড়ে ২২ বছর। যাবজ্জীবন কারাদন্ড অর্থ আমৃত্যু কারাদন্ড হলে ফৌজদারি কার্যবিধির ৩৫ (এ) এবং জেল কোডের সংশ্লিষ্ট বিধান অকার্যকর হয়ে যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত