বাংলাদেশ নিম্ন মধ্য আয়ের দেশে উন্নীত হয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম। তিনি বলেছেন, আমাদের লক্ষ্যমাত্রা উন্নত বাংলাদেশ। আমাদের মাথাপিছু আয় এখন দুই হাজার ডলারের বেশি। আমরা উন্নত দেশ হতে হলে আমাদের সাড়ে ১২ হাজার ডলার মাথাপিছু আয়ের দেশে রূপান্তরিত করতে হবে। সাড়ে ১২ হাজার ডলারের মাথাপিছু আয় যদি করতে হয় তাহলে সব মানুষের অংশগ্রহণ দরকার।
গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে বাংলাদেশ মিউনিপিল ডেভেলপমেন্ট ফান্ড-বিএমডিএফ ও নোয়াখালী পৌরসভার যৌথ অর্থায়নে নির্মিত সোনাপুর পৌর বাস টার্মিনাল, সুপার মার্কেট ও কিচেন মার্কেটের উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
নোয়াখালী পৌরসভা ভবনের মুক্তিযোদ্ধা রবিউল হোসেন কচি কনভেনশন হলে প্রায় ২৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ তিনটি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। পৌর মেয়র সহিদ উল্যাহ খান সোহেলের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএমডিএফের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাসিনুর রহমান, জেলা প্রশাসক খোরশেদ আলম খান, পুলিশ সুপার মো. আলমগীর হোসেন প্রমুখ।
