শিক্ষাবিদ ও নাট্যকার নুরুল মোমেনের জন্ম ফরিদপুরে ১৯০৬ সালের ২৫ নভেম্বর। তার বাবা নুরুল আরেফিন ছিলেন হোমিওপ্যাথি চিকিৎসক। ১৯২৪ সালে তিনি ঢাকা মুসলিম হাইস্কুল থেকে ম্যাট্রিক এবং ১৯২৬ সালে ঢাকা ইন্টারমিডিয়েট কলেজ থেকে আইএ পাস করেন। ১৯২৯ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাস করেন। পরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএল ডিগ্রি লাভ করে ১৯৩৬ সালে কলকাতা হাইকোর্টে ওকালতি শুরু করেন। তার প্রথম নাটক ‘রূপান্তর’ ১৯৪২ সালে ঢাকা বেতারে প্রচারিত হয়। ১৯৪৭ সালে নাটকটি গ্রন্থরূপে প্রকাশিত হয়। তার ‘নেমেসিস’ নাটক শনিবারের চিঠি পত্রিকায় প্রকাশিত হয় ১৯৪৫ সালে এবং গ্রন্থরূপ পায় ১৯৪৮ সালে। ১৯৪৫ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে যোগ দেন। ১৯৪৮ সালে আইনে উচ্চশিক্ষা লাভের জন্য তিনি ইংল্যান্ড গমন করেন। লন্ডনে অবস্থানকালে তিনি বিবিসির বাংলা বিভাগে ‘কাকলী’ নামে শিশুদের আসর পরিচালনা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনাকালে তিনি বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের প্রভোস্টের দায়িত্ব পালনসহ আইন বিভাগের ডিন, প্রক্টর ও ট্রেজারার ছিলেন। ১৯৭২ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অবসরগ্রহণ করেন। সমকালীন সমাজের অসংগতি ও দ্বন্দ্ব তিনি ব্যঙ্গরসের মাধ্যমে নাটকের বিভিন্ন চরিত্রে বলিষ্ঠভাবে তুলে ধরেছেন। তিনি বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদকসহ নানা পুরস্কারে ভূষিত হয়েছেন। ১৯৮৯ সালের ১৬ ফেব্রুয়ারি তিনি মৃত্যুবরণ করেন।
×
