বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহী নরওয়ে

আপডেট : ২৫ নভেম্বর ২০২০, ১০:৫৮ পিএম

বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে নরওয়ে। গতকাল বুধবার বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে ভার্চুয়াল বৈঠকে ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত ইসপেন রিকটার এসভেনডসেন এ আগ্রহ প্রকাশ করেন।

টিপু মুনশি বলেন, বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে সরকার প্রয়োজনীয় সব ধরনের সুযোগ-সুবিধা দিচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে দেশের বিভিন্ন স্থানে ১০০ বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার কাজ দ্রুত এগিয়ে চলছে। সরকার বিনিয়োগের ক্ষেত্রে করসহ বেশ কিছু সুযোগ-সুবিধা দিচ্ছে। এ মুহূর্তে বিনিয়োগের জন্য বাংলাদেশ খুবই আকর্ষণীয়। নরওয়ে বাংলাদেশে বিনিয়োগ করলে বেশি লাভবান হবে। তিনি বলেন, নরওয়ের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য বৃদ্ধির বিপুল সম্ভাবনা রয়েছে। দুই  দেশের ব্যবসায়ীরা পারস্পরিক দেশ সফরের মাধ্যমে এ সুযোগ কাজে লাগাতে পারেন। নরওয়েতে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি হচ্ছে। এছাড়াও ওষুধ, সিরামিক পণ্য, ফার্নিচার, হিমায়িত মৎস্য, চামড়াজাত পণ্য এবং হালকা প্রকৌশল পণ্য রপ্তানির সুযোগ রয়েছে।

নরওয়ের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে নরওয়ের বাণিজ্যিক সম্পর্ক দীর্ঘদিনের। নরওয়ে টেলিফোন খাতে বড় বিনিয়োগ করেছে। নরওয়ের বিনিয়োগকারীরা বাংলাদেশে সম্ভাবনাময় খাতগুলোয় বিনিয়োগ করতে আগ্রহী। বাংলাদেশের তৈরি  পোশাকের প্রচুর চাহিদা নরওয়েতে। বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ সরকারের দেওয়া সুযোগ-সুবিধা খুবই আকর্ষণীয়। আগামীতে উভয় দেশের ব্যবসায়ীরা বসে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করবে। উভয় দেশের সরকার প্রয়োজনীয় সহযোগিতা দেবে। গত অর্থবছর বাংলাদেশ নরওয়েতে ৬ কোটি ৮১ লাখ ৯০ হাজার ডলার মূল্যের পণ্য রপ্তানি করেছে। একই সময়ে আমদানি করেছে ৫ কোটি ১৯ লাখ ডলার মূল্যের পণ্য।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত