ঢাকা-১৮ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মাদ হাবিব হাসান বলেছেন ‘জনগণকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে চাই।’ তিনি বলেন, ‘উন্নয়নকে প্রাধান্য দিয়ে সেই সঙ্গে মাদক সন্ত্রাস চাঁদাবাজি বন্ধে যা করার প্রয়োজন তাই করব।’ গতকাল বুধবার দেশ রূপান্তরকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।
প্রশাসন ও গণমাধ্যমকে সঙ্গে নিয়ে নিজের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন, তরুণ প্রজন্মকে যেন মাদকের হাত থেকে রক্ষা করতে পারি সে লক্ষ্যে কাজ করব।
এমপি হিসেবে শপথ : সংসদ সদস্য হিসেবে গত মঙ্গলবার শপথ নিয়েছেন ঢাকা-১৮ আসনে উপনির্বাচনে জয়ী মোহাম্মদ হাবিব হাসান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী মোহাম্মদ হাবিব হাসানকে শপথবাক্য পাঠ করান। গত মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে এই অনুষ্ঠান হয়।
সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান শপথগ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। শপথ অনুষ্ঠানে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী ও হুইপ ইকবালুর রহিম উপস্থিত ছিলেন। শপথগ্রহণ শেষে মোহাম্মদ হাবিব হাসান এমপি রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।
উল্লেখ্য, ৯ জুলাই ২০২০ তারিখে ১৯১ (ঢাকা-১৮) আসনের সংসদ সদস্য সাহারা খাতুনের মৃত্যুজনিত কারণে ১২ নভেম্বর ২০২০ তারিখে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।
