সৌদি আরবের তায়েফ তুরাবায়ে দুটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে সিলেটের তিন যুবকের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার সাতবাঁক ইউনিয়নের কুওরেরমাটি গ্রামের আবদুল খালিকের ছেলে মাসুক আহমদ (৩৫), একই গ্রামের নুর আহমদের ছেলে আবদুস শুকুর (৩২) ও জকিগঞ্জ উপজেলার গঙ্গারজল গ্রামের সিরাজ উদ্দিন (৩৮)। এ ঘটনায় গুরুতর আহত হয়ে তায়েফ তুরাবায়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন কানাইঘাটের বায়মপুর গ্রামের জালাল আহমদ (৩৯)।
নিহতদের স্বজনদের বরাত দিয়ে সাতবাঁক ইউপি সদস্য আবদুন নুর জানান, বৃহস্পতিবার সৌদি আরব সময় সকাল ৮টার দিকে এরা মাইক্রোবাসযোগে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে অন্য একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুজন ও হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। তাদের মৃত্যুর খবরে পরিবারগুলোতে শোকের মাতম চলছে।
