ধর্ম ব্যবসায়ীরা বঙ্গবন্ধুর ভাস্কর্য উৎখাতে ষড়যন্ত্র করছে: যুবলীগ

আপডেট : ২৮ নভেম্বর ২০২০, ০৫:৩৮ পিএম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণে হেফাজতে ইসলামের বিরোধিতাকে ‘ষড়যন্ত্র’ হিসেবে অভিহিত করেছে যুবলীগ।

শনিবার দুপুরে জামালপুরের মাদারগঞ্জ বালিজুড়ি এফ এম উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এর নেতারা এমন অভিযোগ করেন।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুবলীগের সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল বলেন, ইসলামের কথা বলে, ধর্মের কথা বলে ধর্ম ব্যবসায়ীরা বঙ্গবন্ধুর ভাস্কর্য উৎখাতের ষড়যন্ত্র করছে। আমরা ইসলাম প্রিয় মানুষ মনে-প্রাণে বিশ্বাস করি বঙ্গবন্ধু আল্লাহর অলি ছিলেন। ধর্ম ব্যবসায়ী ও জঙ্গিবাদীদের ষড়যন্ত্র মোকাবিলায় যুবলীগ প্রস্তুত আছে।

প্রধান অতিথির বক্তব্যে যুবলীগের চেয়ারম্যান ফজলে শামস পরশ বলেন, রাজনীতির পবিত্রতা ধরে রাখতে হবে। রাজনীতি পেশায় পরিণত হয়েছে। এই মনোবৃত্তি থেকে আমাদের সরে দাঁড়াতে হবে। রাজনীতি কোন পেশা নয়, রাজনীতি একটি স্বেচ্ছাসেবামূলক কাজ।

তিনি বলেন, একমাত্র বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাই দুর্নীতিমুক্ত দেশ বানাতে পারে। তিনি নিজের দল থেকে শুদ্ধি অভিযান শুরু করেছেন। বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার যে স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন তা যেন কোনো দুর্নীতিবাজ চক্র, মৌলবাদী শক্তি ও কুচক্রী মহল নস্যাৎ করতে না পারে যুবলীগকে সে দায়িত্ব পালন করতে হবে। 

সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।

মাদারগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ফরিদুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমেদ চৌধুরীসহ আওয়ামী লীগ এবং যুবলীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত