রাজশাহীকে ১৩২ রানে আটকে রাখল বরিশাল

আপডেট : ২৮ নভেম্বর ২০২০, ০৮:৩৫ পিএম

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে প্রথম জয়ের সন্ধানে থাকা ফরচুন বরিশাল কম রানেই বেধে রেখেছে মিনিস্টার গ্রুপ রাজশাহীকে। পেসার কামরুল ইসলাম রাব্বির ৪ উইকেট শিকারের দিনে রাজশাহী প্রথমে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৩২ রান করতে পেরেছে।

শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে রাতের ম্যাচটিতে টস জিতে ফিল্ডিং বেছে নেন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। বোলাররা তার সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেছেন ইনিংস জুড়ে।

৬৩ রানে ৫ উইকেট হারিয়ে রাজশাহী ব্যাকফুটে চলে যায়। সেখান থেকে দলকে এগিয়ে নিতে থাকেন মেহেদি হাসান ও ফজলে মাহমুদ রাব্বি। তবে দুজনই শেষ পর্যন্ত খেলতে পারেননি। ষষ্ঠ উইকেটে ৬৫ রান যোগ করেন দুজন।

ফজলে রাব্বিকে ফিরিয়ে জুটিটি ভাঙেন তাসকিন। ৩২ বলে ৩ চারে ৩১ রান করেন রাব্বি। আর শেষ ওভারে বিপদজনক মেহেদিকে তুলে নেন কামরুল ইসলাম রাব্বি। মেহেদি ২৩ বলে ৩ ছক্কায় ৩৪ রান করেন।

এর আগে দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত ও আনিসুল ইসলাম ইমন ভালো শুরুর আভাস দেন। অধিনায়ক শান্ত ১৯ বলে ২ চার ও ১ ছক্কায় ২৪ রান করেন ফিরে যান। এরপরই ছন্দ পতন দলটার।

একে একে রনি তালুকদার (৬), মোহাম্মদ আশরাফুল (৬), ইমন (২৪), নুরুল হাসান সোহান (০) ফিরে যান। তাতেই চাপে পড়ে যায় রাজশাহী। যেখান থেকে মেহেদি-রাব্বির লড়াইও দলকে ভালো পুঁজি এনে দেওয়ার জন্য যথেষ্ট হয়নি।

বরিশালের পক্ষে রাব্বি ছাড়া অন্যদের মধ্যে মেহেদি হাসান মিরাজ ২ উইকেট নিয়েছেন। তাসকিন আহমেদ ও আবু জায়েদ নিয়েছেন ১টি করে উইকেট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত