বাগেরহাটে মায়ের স্বীকারোক্তি

পারিবারিক কলহের জেরে ১৭ দিনের শিশু খুন

আপডেট : ২৯ নভেম্বর ২০২০, ০১:৫২ এএম

বাগেরহাটের মোরেলগঞ্জে ১৭ দিনের শিশু সোহানা আক্তার খুনের ঘটনায় শিশুটির মা শান্তা আক্তার পিংকি (১৯) হত্যার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। গত শুক্রবার সন্ধ্যায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক (ভারপ্রাপ্ত) খোকন হোসেনের আদালতে শান্তা এই জবানবন্দি দেন। শিশুটির মা শান্তা ও বাবা সুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় গতকাল শনিবার বলেন, সোহানা হত্যার ঘটনায় হত্যাকারী সন্দেহে বাবা সুজনকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হয়। রিমান্ডে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে শিশুটির মা ও বাবাকে মুখোমুখি করা হয়। এ সময় শান্তা তার মেয়েকে পুকুরে ফেলে হত্যার কথা স্বীকার করেন। শান্তা তার আগের স্বামীর ঘরে ফিরে যাওয়া অথবা এই ঘরে তার ছেলেসন্তান না হওয়ায় নবজাতককে পানিতে ফেলে হত্যা করেছেন বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

গত ১৫ নভেম্বর রবিবার রাতে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার গাবতলা গ্রামের জেলে সুজনের বাড়ি থেকে বাবা-মায়ের পাশে ঘুমিয়ে থাকা ১৭ দিনের শিশু সোহানা চুরির ঘটনা ঘটে। ১৭ নভেম্বর শিশুটির মরদেহ পানি থেকে উদ্ধার করে পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত