প্রতিদিন সারা দেশে কিছু না কিছু অনিয়ম, দুর্নীতি হচ্ছে, সে তুলনায় দোহার-নবাবগঞ্জে দুর্নীতি নেই বললেই চলে। অন্যের জমি দখল, চাঁদাবাজি, মাদক সেবন বা বিক্রি নেই এই অঞ্চলে। গতকাল ঢাকার নবাবগঞ্জ উপজেলার আবদুল ওয়াছেক মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের নবগঠিত আহ্বায়ক কমিটির আলোচনায় ভার্চুয়ালে সভার প্রধান অতিথি ঢাকা-১ আসনের এমপি এবং প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এসব কথা বলেন।
সালমান আরও বলেন, খুব তাড়াতাড়ি নবাবগঞ্জে সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের একটি স্বচ্ছ পূর্ণাঙ্গ কমিটি গঠন হবে। তৃণমূল থেকে ইউনিয়ন এবং ইউনিয়ন থেকে উপজেলায় সম্মেলন করে কমিটি করার কথা বলেন এমপি। দলের মধ্যে যেন কোনো মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ ঠাঁই না পায় সেদিকে নজর রাখতে হবে। আর সেই জন্য সবার আগে আওয়ামী লীগের সদস্য গ্রহণ করে তাদের ডাটাবেজ তৈরি করতে হবে। আর ডাটাবেজ হলেই কমিটিতে অস্বচ্ছ সদস্য ঢুকছে কি-না তা প্রমাণ হয়ে যাবে।
উপদেষ্টা বলেন, আমি দলের মধ্যে কোনো গ্রুপিং দেখতে চাই না। সে জন্যই এই আহ্বায়ক কমিটির মাধ্যমে আগামীতে একটি গ্রুপিংমুক্ত আওয়ামী লীগের কমিটি উপহার দিতে চাই।
