জিম্মি করে টাকা আদায়ের অভিযোগে গ্রেপ্তার ২

আপডেট : ২৯ নভেম্বর ২০২০, ০৯:১৭ পিএম

চট্টগ্রামে এক যুবককে ডেকে এনে টাকা আদায়ের অভিযোগে দুজনকে  গ্রেপ্তার করেছে পুলিশ। ওই দুজনই মাদ্রাসার সাবেক ছাত্র বলে জানিয়েছে পুলিশ।

শনিবার রাতে নগরীর কোতোয়ালি থানার স্টেশন রোডের ইলেকট্রিক গলি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার একজনের নাম রাশেদুল ইসলাম (১৯) ও অন্যজন ১৬ বছর বয়সী কিশোর। ওই কিশোর রাশেদের বড় ভাইয়ের দোকান কর্মচারী।

কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসিন জানান, সায়েম খান নামে এক যুবক শনিবার থানায় অভিযোগ করে পূর্ব পরিচিতি রাশেদুল তাকে বাসায় নিয়ে বিবস্ত্র করে ভিডিও ধারণ করে এবং চুল কেটে দেয়। এগুলো ছড়িয়ে দেওয়ার কথা বলে বিকাশের মাধ্যমে ১০ হাজার টাকা আদায় করে। আমরা অভিযোগের সত্যতা পেয়ে ইলেকট্রিক গলি এলাকা থেকে রাশেদুল ও তাদের দোকান কর্মচারী ১৬ বছর বয়সী ওই কিশোরকে গ্রেপ্তার করি।

ওসি আরও বলেন, গ্রেপ্তার রাশেদ পুলিশকে জানায় সায়েম ও সে নগরীর কুলগাঁওয়ের আহসানুল উলুম জামিয়া গাউসিয়া কামিল মাদ্রাসা থেকে ২০১৫ সালে দাখিল পরীক্ষা দেওয়ার সময় পরিচিত হয়। সায়েম বিভিন্ন সময় সমকামিতার প্রস্তাব দিত। এই ক্ষোভ থেকে শুক্রবার সে সায়েমকে তার বাসায় যাওয়ার প্রস্তাব দেয়। পরে সে ও তাদের দোকান কর্মচারী সায়েমের ভিডিও ধারণ করে এবং টাকা আদায় করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত