আর্থিক খাতের সব লেনদেন ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হয়েছে: অর্থমন্ত্রী

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ০২:৩৭ পিএম

দেশের আর্থিক খাতে স্বচ্ছতা বাড়ানো, ব্যবসার খরচ কমানো এবং অনিয়ম বন্ধ করতে ব্যাংক, বিমা ও পুঁজিবাজারের সব লেনদেন ডিজিটাল ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বিত তথ্য আদান-প্রদানের ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। এতে প্রতিটি লেনদেন তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণের পাশাপাশি আর্থিক খাতের গোপন লেনদেন ও অনিয়ম বন্ধ করা সম্ভব হবে বলে মনে করছে সরকার।

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে স্থানীয় ঋণপত্রের (এলসি) তথ্য আদান-প্রদানের অনলাইন প্ল্যাটফর্ম ‘বার্তা’র উদ্বোধনী অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, বিশ্ববাণিজ্য ও বিনিয়োগ এখন তাৎক্ষণিক তথ্য আদান-প্রদানের মাধ্যমে পরিচালিত হচ্ছে। বাংলাদেশের অর্থনীতিকেও সেই গতির সঙ্গে তাল মেলাতে হবে। বিভিন্ন মন্ত্রণালয় ও আর্থিক প্রতিষ্ঠানের তথ্যব্যবস্থা বিচ্ছিন্ন থাকলে ব্যবসার খরচ কমানো এবং স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব নয়। এ জন্য কেন্দ্রীয় ব্যাংক, পুঁজিবাজার ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে সমন্বিত যোগাযোগব্যবস্থা গড়ে তুলতে হবে।

বিমা খাতের অনিয়মের উদাহরণ দিয়ে তিনি বলেন, অনেক ক্ষেত্রে বিমার প্রিমিয়াম পরিশোধ না করেই কাভার নোট নেওয়ার ঘটনা ঘটেছে। এমনকি এক হাজার কোটি টাকার পণ্য আমদানির ক্ষেত্রেও প্রিমিয়াম না দিয়ে কাভার নোট নেওয়া হয়েছে। এতে সরকার রাজস্ব হারিয়েছে, বিমা কোম্পানির শেয়ারহোল্ডাররা ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ ধরনের অনিয়ম বন্ধে বাংলাদেশ ব্যাংক, এলসি সংশ্লিষ্ট ব্যাংক ও বিমা কোম্পানিগুলোর মধ্যে আন্তসংযোগ তৈরি করা হচ্ছে। একইভাবে ব্যাক টু ব্যাক এলসির ক্ষেত্রেও স্বচ্ছতা নিশ্চিত করা হবে।

আমীর খসরু বলেন, পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি, ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, তালিকাভুক্ত কোম্পানি এবং ব্রোকারেজ হাউসগুলোকে একই ডিজিটাল ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। অটোমেশন শুধু কাজের দক্ষতা বাড়ায় না, ব্যবসার খরচ কমায় এবং স্বচ্ছতা নিশ্চিত করে। গোপন লেনদেন ও অনিয়মের কারণে সরকার যে রাজস্ব হারাচ্ছে, ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে তা বন্ধ করা সম্ভব হবে।

সংস্কার বাস্তবায়নে সংশ্লিষ্ট অংশীজনদের মতামত নেওয়ার ওপরও গুরুত্ব দেন অর্থমন্ত্রী। তিনি বলেন, কোনো সংস্কার কার্যক্রম বাস্তবায়নের আগে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করতে হবে। অংশীজনেরা এগিয়ে না এলে যত উদ্যোগই নেওয়া হোক, তা বাস্তবায়ন করা সম্ভব হবে না।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, স্থানীয় এলসির তথ্য আদান-প্রদানে এত দিন আন্তর্জাতিক সুইফট নেটওয়ার্ক ব্যবহার করা হতো। ফলে দেশের ভেতরে খোলা এলসির তথ্যও প্রথমে বিদেশি নেটওয়ার্কে যেত, পরে সংশ্লিষ্ট ব্যাংকে পৌঁছাত। এতে প্রতিটি এলসির বিপরীতে গড়ে প্রায় ১ হাজার ৫০০ টাকা ব্যয় হতো, যা বৈদেশিক মুদ্রায় পরিশোধ করতে হতো। পাশাপাশি এসব তথ্য দেশের ভেতরে কেন্দ্রীয়ভাবে সংরক্ষণের সুযোগ ছিল না।

নতুন ‘বার্তা’ প্ল্যাটফর্মে বাংলাদেশ ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকগুলোর নিজস্ব নেটওয়ার্কে তথ্য আদান-প্রদান হবে। ফলে বিদেশি প্রতিষ্ঠানের মাধ্যমে বার্তা পাঠানোর প্রয়োজন হবে না। প্রতিটি এলসির তথ্য কেন্দ্রীয়ভাবে সংরক্ষিত থাকবে। প্রয়োজন হলে বাংলাদেশ ব্যাংক থেকে তাৎক্ষণিকভাবে এসব তথ্য সংগ্রহ করা যাবে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে দেশে ৫ লাখ ৭৯ হাজার ১১০টি স্থানীয় এলসি খোলা হয়েছে। প্রতিটি এলসির বিপরীতে গড়ে ১ হাজার ৫০০ টাকা ব্যয় হিসাবে মোট খরচ দাঁড়ায় ৮৬ কোটি ৮৬ লাখ টাকা। এর সমপরিমাণ বৈদেশিক মুদ্রার ব্যয় ছিল ৭২ লাখ ৪০ হাজার ডলার। বাণিজ্যিক ব্যাংকগুলোর আয় বাদ দিলে নিট বৈদেশিক মুদ্রা ব্যয়ের পরিমাণ দাঁড়ায় প্রায় ৬১ লাখ ৫০ হাজার ডলার। নতুন প্ল্যাটফর্মে স্থানীয় এলসির তথ্য আদান-প্রদানে কোনো মাশুল দিতে হবে না। ফলে এ পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের সুযোগ তৈরি হবে।

নতুন ব্যবস্থায় কোনো ব্যাংক এলসি খুললে সংশ্লিষ্ট সরবরাহকারীর ব্যাংক তা তাৎক্ষণিকভাবে জানতে পারবে। এলসিতে সংশোধন প্রয়োজন হলে দ্রুত তা করা যাবে। এলসি খোলা, সংশোধন, নিশ্চিতকরণ এবং প্রয়োজনীয় নথি আদান-প্রদানের সময়ও কমবে। পাশাপাশি এলসির শুরু থেকে নিষ্পত্তি পর্যন্ত প্রতিটি ধাপ পর্যবেক্ষণ করা সম্ভব হবে। কোনো এলসি মেয়াদোত্তীর্ণ বা বকেয়া থাকলে তা দ্রুত শনাক্ত করতে পারবে কেন্দ্রীয় ব্যাংক।

এতে রপ্তানিকারক ও স্থানীয় সরবরাহকারীদের মধ্যে সমন্বয় বাড়বে। দেশীয় শিল্পের পশ্চাৎমুখী সংযোগ শক্তিশালী হওয়ার পাশাপাশি রপ্তানিতে স্থানীয় মূল্য সংযোজন বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

প্ল্যাটফর্মটির নিরাপত্তায় এনক্রিপ্টেড ভিপিএন, ফায়ারওয়াল, টোকেনভিত্তিক যাচাই এবং দ্বিস্তরীয় লগইন ব্যবস্থা রাখা হয়েছে। প্রতিটি লেনদেন অনুমোদনে মেকার, চেকার ও অথরাইজার—এই তিন ধাপ অনুসরণ করতে হবে। প্রতিটি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির জন্য আলাদা পাসওয়ার্ড থাকায় একটি বার্তা অনুমোদনে মোট ছয়টি পাসওয়ার্ডের নিরাপত্তাব্যবস্থা কাজ করবে।

অনুষ্ঠানে এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক বলেন, বছরে ৬১ লাখ ডলার সাশ্রয়ের চেয়েও বড় বিষয় হলো, বাংলাদেশ নিজস্ব প্রযুক্তিগত সক্ষমতা গড়ে তোলার আত্মবিশ্বাস অর্জন করছে। নিজেদের প্রয়োজনীয় ব্যবস্থা নিজেরাই তৈরি করতে পারার এই উদ্যোগের মূল্য অনেক বেশি। ভবিষ্যতে আন্তর্জাতিক এলসির ক্ষেত্রেও এ ধরনের ব্যবস্থা চালু করা গেলে আমদানি-রপ্তানির পণ্যের মূল্য ও লেনদেন পর্যবেক্ষণ সহজ হবে। এতে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) কাজও সহজ হবে।

বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বলেন, স্থানীয় এলসির ক্ষেত্রে প্রতিটি এলসিতে ১ হাজার ৫০০ টাকা করে মাশুল দিতে হতো, যা পোশাকশিল্পের জন্য উল্লেখযোগ্য ব্যয়। রপ্তানি আদেশ পাওয়ার পর পোশাক কারখানাগুলোকে অনেক ছোট অঙ্কের স্থানীয় এলসি খুলতে হয়। কোনো কোনো এলসির পরিমাণ ৭০০, ১ হাজার বা ১ হাজার ৫০০ ডলার হলেও সংখ্যায় অনেক বেশি হওয়ায় মোট ব্যয়ও বেড়ে যায়।

তিনি বলেন, নতুন ব্যবস্থায় খরচ কমার পাশাপাশি লেনদেনে স্বচ্ছতা বাড়বে এবং বিরোধ নিষ্পত্তি সহজ হবে। তবে ব্যাংকের এলসি খোলা ও গ্রহণসংক্রান্ত মাশুল এখনো ব্যবসার বড় ব্যয়। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা ব্যাংকের সঙ্গে দর-কষাকষি করতে পারেন না। তাঁদের জন্য এসব মাশুল সহনীয় পর্যায়ে রাখতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা প্রয়োজন।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান বলেন, ব্যবসার খরচ কমানো কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম অগ্রাধিকার। এর সুফল শুধু ব্যবসায়ী বা ব্যাংকারদের মধ্যে সীমাবদ্ধ থাকে না, শেষ পর্যন্ত সাধারণ মানুষ কম দামে পণ্য ও সেবা পাওয়ার মাধ্যমে উপকৃত হন।

তিনি বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এলে নীতি সুদহার আরও কমানোর সুযোগ তৈরি হতে পারে। এ ছাড়া ব্যবসায়ীদের জন্য ৭ হাজার কোটি টাকার একটি এসডিপি চালু করা হয়েছে, যার মাধ্যমে সুদে ভর্তুকি দেওয়া হচ্ছে।

গভর্নর আরও বলেন, বৈদেশিক মুদ্রার বিনিময় হার নির্ধারণে স্বয়ংক্রিয় ও স্বচ্ছ নিলামব্যবস্থা চালুর কাজ চলছে। এতে বাজারভিত্তিক বিনিময় হার নির্ধারণের পাশাপাশি কারসাজির সুযোগ কমবে। আগামী এক থেকে দুই মাসের মধ্যে এ ব্যবস্থা চালু হতে পারে। এ ছাড়া আন্তর্জাতিক এলসির কাগজপত্র ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে কুরিয়ারে কাগজপত্র পাঠানোর সময় এক থেকে দুই দিনের মধ্যে নামিয়ে আনা সম্ভব হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। এ সময় ডেপুটি গভর্নর হাবিবুর রহমান, এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক, বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খানসহ বিভিন্ন ব্যাংকের শীর্ষ কর্মকর্তা ও ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত