বড়াইগ্রামে বিনা চাষে রসুন আবাদে ব্যস্ত কৃষকেরা

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ০২:১৬ পিএম

নাটোরের বড়াইগ্রামসহ দক্ষিণ চলনবিলে বর্ষার পানি নামার সঙ্গে সঙ্গে বিনা চাষে ‘সাদা সোনা’ খ্যাত রসুন আবাদে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। গত মৌসুমের বড় লোকসান সামলে ন্যায্য দামের আশায় উপজেলার বিস্তীর্ণ মাঠে রসুন রোপণের পাশাপাশি সাথী ফসল পেঁয়াজ, বাঙ্গি, তরমুজ, ক্ষীরা ও মিষ্টিকুমড়ার আবাদ চলছে। তবে শুরুতেই ডিলারদের কাছে চাহিদামতো সার না পাওয়া এবং বাড়তি দামে সার কিনতে বাধ্য হওয়ায় চরম দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় চাষিরা।

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, এবার বড়াইগ্রামে ৯ হাজার ৫০০ হেক্টর জমিতে রসুন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। দেশের মোট উৎপাদিত রসুনের প্রায় দুই-তৃতীয়াংশই বড়াইগ্রামসহ চলনবিলের পলিপড়া জমিতে উৎপাদিত হয়। উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাদামাটিতে রসুনের কোয়া রোপণে পুরুষের পাশাপাশি নারী ও শিশুরাও কাজ করছেন। রোদ থেকে রক্ষা করতে রোপণকৃত বীজের ওপর ধানের খড় ও কচুরিপানা বিছিয়ে দেওয়া হচ্ছে। মালচিং পদ্ধতির এই খড় ও কচুরিপানা পচে জমিতে জৈব সার তৈরি করে মাটির উর্বরতা বাড়াতে সাহায্য করে।

এদিকে কৃষকদের অভিযোগ, প্রয়োজনের সময় ডিলারদের কাছে ঘুরেও চাহিদামতো ডিএপি, ইউরিয়া, টিএসপি ও এমওপি সার মিলছে না। লাইনে দাঁড়িয়েও সার না পেয়ে বাধ্য হয়ে খুচরা দোকান থেকে বস্তাপ্রতি ৪০০ থেকে ৫০০ টাকা বেশি দামে সার কিনতে হচ্ছে। 

ভরতপুর গ্রামের চাষি মতিউর রহমান জানান, বীজ বাবদ ১২-১৪ হাজার, সার-কীটনাশক বাবদ ৮-৯ হাজার, ৩৫ জন শ্রমিকের মজুরি বাবদ ২০ হাজার এবং খড় ও সেচ বাবদ আরও ৬ হাজার টাকাসহ এ বছর বিঘাপ্রতি প্রায় ৪৫-৪৬ হাজার টাকা খরচ পড়বে। 

চকপাড়া গ্রামের কৃষক আনিসুর রহমান বলেন, বর্তমানে বীজ রসুন চার হাজার টাকা মণ দরে কিনতে হলেও গত মৌসুমে দেড় থেকে আড়াই হাজার টাকা মণ দরে বিক্রি করে তাদের বড় লোকসান গুনতে হয়েছে। অন্তত ৩ হাজার টাকা মণ দর পেলে চাষিরা লাভবান হবেন। রয়না ভরট গ্রামের আব্দুল ওহাব বলেন, এবার পুরুষ শ্রমিক ৭০০ টাকা ও নারী শ্রমিক ৪০০-৫০০ টাকা হারে মজুরী নিচ্ছেন। এর ওপর বেশি দামে সার কেনায় উৎপাদন খরচ অনেক বেড়ে যাচ্ছে। 

অন্যদিকে, রয়না গ্রামের কৃষক সোলায়মান মণ্ডল জানান, গত কয়েক দিনের টানা বৃষ্টিতে সদ্য রোপণ করা রসুন ও পেঁয়াজ বীজের ব্যাপক ক্ষতি হয়েছে।

তবে কৃষি বিভাগের দাবি, সারের কোন ঘাটতি নেই। চাহিদার শতভাগ বরাদ্দ পাওয়া গেছে এবং বিসিআইসি অনুমোদিত ডিলারদের মাধ্যমে তা বিক্রি হচ্ছে। 

উপজেলা কৃষি কর্মকর্তা নীলিমা জাহান বলেন, আমন ধান কাটার পর বিনা চাষে মালচিং পদ্ধতিতে রসুন আবাদ চলছে। এ ব্যাপারে কৃষকদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে। এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে রসুন চাষের সম্ভাবনা রয়েছে। 

সর্বশেষ সর্বাধিক পঠিত