আইপিএলে ব্যর্থ ছিলেন আন্দ্রে রাসেল। সেই ব্যর্থতার ছিটেফোঁটাও দেখা গেল না লঙ্কা প্রিমিয়ার লিগে। শ্রীলঙ্কায় রাসেল সেই চিরচেনা বিধ্বংসী রূপে। কলম্বো কিংসের হয়ে হাফসেঞ্চুরি করেছেন মাত্র ১৪ বলে। ১৯ বলে করেছেন ৬৫ রান। এত কম বলে হাফসেঞ্চুরি করে টি-টোয়েন্টিতে ক্যারিবিয়ানদের মধ্যে দ্বিতীয় দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ড গড়েন। তার ব্যাটে ভর করেই বৃষ্টিতে ছোট হয়ে আসা ম্যাচটা ৩৪ রানে জিতেছে কলম্বো কিংস। রাসেলের কাছে হেরেছে শহিদ আফ্রিদির গল গ্ল্যাডিয়েটরস।
বৃষ্টিতে ২০ ওভারের ম্যাচ কমে ৫ ওভারের হয়ে যায়। প্রথমে ব্যাট করতে নামে কলম্বো। ওপেনিং সঙ্গী থিকশিলা ডি সিলভা প্রথম বলে আউট হয়ে গেলেও রাসেল শুরু থেকেই ছিলেন মারকুটে মেজাজে। ১০ বলে ২১ রান করা লরি ইভান্স যোগ্য সঙ্গ দিয়ে গেছেন। ১৯ বলের ইনিংসে মাত্র দুটি বল ডট দিয়েছেন রাসেল। তার ব্যাট থেকে ৪ এসেছে নয়টা, ৬ চারটা। রাসেল মোহাম্মদ আমিরের প্রথম ওভারেই দুই ৬ ও তিন ৪ হাঁকান। পরে ব্যাট করতে নেমে দুই উইকেট হারিয়ে ৬২ রান তুলে থামে গল গ্ল্যাডিয়েটরস। হিসাব করলে রাসেলের রানই পুরোপুরি তুলতে পারেনি গল!
