একসময়ের জনপ্রিয় ব্যান্ড তারকা হাসান অনেক দিন আলোচনার বাইরে। তবে সম্প্রতি নতুন গানের পাশাপাশি একটি বিজ্ঞাপনের মডেল হয়েছেন। সমসাময়িক বিষয়ে কথা বলেছেন তিনি
বিজ্ঞাপনের মডেল...
আমি গানের মানুষ। আড়ালে থাকি আর দর্শকের সামনে থাকি গান নিয়েই থাকি। গান ছাড়তে পারব না! গানের বদলে বিজ্ঞাপনের মডেল হওয়ার পেছনে বিশেষ কোনো কারণ নেই। হঠাৎ বিজ্ঞাপনের মডেল হওয়ার প্রস্তাব পাওয়ায় মনে হলো, দেখি না কাজটা করে কেমন হয়। তাছাড়া বিজ্ঞাপনের গল্পও বেশ মজার। নির্মাতা নাফিজ রেজা যত্ন নিয়ে আরএফএলের বিজ্ঞাপনটি তৈরি করেছেন। আমি আর চিত্রনায়ক শরিফুল রাজ আনন্দ নিয়েই কাজটি করেছি। দর্শকেরও ভালো লাগবে বলে আমার ধারণা।
আর্ক ব্যান্ড...
আর্ক নতুন উদ্যমে ফিরছে। আমাদের আগের কয়েকজন সদস্য নানা কারণে আগের মতো প্যাশনেটলি কাজটি করতে পারবে না। তাই নতুন লাইনআপ নিয়ে দলটি গুছিয়ে নিয়েছি। নতুন লাইন নিয়ে আর্ক বেশকিছু শো করেছে। এরপর তো করোনার কারণে শো একদমই বন্ধ হয়ে গেল। তাই গানের ভুবনে আমাদের সেভাবে দেখা যায়নি। করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরই শো নিয়ে ভাবব, তার আগে নয়।
নতুন গান...
স্টেজ শো না করলেও নতুন গানের আয়োজন থেমে নেই। লাইনআপ গুছিয়ে নেওয়ার পর আমরা বেশকিছু গানের কথা, সুর, মিউজিক অ্যারেঞ্জমেন্ট নিয়ে কাজ করেছি। হয়তো শিগগিরই নতুন দুয়েকটি গানের কাজ শেষ করতে পারব। আর গান রেকর্ডিং সম্পন্ন হলেই এর প্রকাশ নিয়ে ভাবব। এখন তো আবার মিউজিক ভিডিও ছাড়া গান সেভাবে দর্শকের কাছে পৌঁছায় না। তাই এসব নিয়েও ভাবতে হবে। সময় তো একটু লাগবেই। সবমিলিয়ে এ বছর না হলেও আগামী বছরের শুরুতে নতুন গান প্রকাশের পরিকল্পনা আছে। তবে নতুন গান আর্ক ব্যান্ডের কিংবা আমার এককও হতে পারে। আমার একটি হলেও গান প্রকাশ পাবে এটুকু অন্তত বলতে পারি।
আড়ালে...
অনেকে প্রায়ই প্রশ্ন করে, তারকাখ্যাতি থাকার পরও গানের ভুবন থেকে আড়ালে চলে গিয়েছিলাম কেন? আসলে একদিকে পাইরেসি, অন্যদিকে অডিও কোম্পানিগুলোর নিষ্ক্রিয়তা এসব দেখেই গান থেকে বিরতি নিয়েছিলাম। তবে গান গেয়ে মানুষের যে ভালোবাসা পেয়েছি, তাদের কি ভুলে থাকা সম্ভব? তাই তো নতুন সব আয়োজনের মধ্য দিয়ে ফিরে আসতে চেয়েছি।
মাধ্যম বদল...
সময়ের সঙ্গে অনেক কিছুই বদলাবে, এটাই স্বাভাবিক। আমাদের সময় ক্যাসেট-সিডিতে গান আসত, এখন অনলাইনে গান প্রকাশ পাচ্ছে। তবে গান প্রকাশের মাধ্যম বদলে গেলেও শিল্পী ও মিউজিশিয়ানদের পেশাদারি ধরে রাখার সুযোগ যেন ঠিক থাকে। এটা প্রকাশকদের নিশ্চিত করতে হবে।
