গ্রুপ থিয়েটার ফেডারেশন ৪০ বছর উদযাপন

আপডেট : ৩০ নভেম্বর ২০২০, ০২:৩৫ এএম

বর্ণিল অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠার ৪০ বছর উদযাপন করেছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন। গতকাল রবিবার রাজধানীর জাতীয় নাট্যশালায় বর্ষপূতি উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১৯৮০ সালের ২৯ নভেম্বর সারা দেশের নাট্য সংগঠনগুলোকে নিয়ে প্রতিষ্ঠিত হয় গ্রুপ থিয়েটার ফেডারেশন।

গতকাল প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে ছিল সংগঠনটির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকদের সম্মাননা প্রদান, আলোচনা, নাটকের কোলাজ প্রদর্শন, নাচ ও গানের পরিবেশনা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। নাট্যজন লাকী ইনামের সভাপতিত্বে বক্তব্য দেন আতাউর রহমান, মামুনুর রশীদ, ম. হামিদ, নাসির উদ্দীন ইউসুফ, দেবপ্রসাদ দুলাল দেবনাথ, ঝুনা চৌধুরী, কামাল বায়েজিদ, আক্তারুজ্জামান প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতেই সদ্যপ্রয়াত নাট্যব্যক্তিত্ব আলী যাকের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর ফেডারেশনের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকদের সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। সম্মাননায় ভূষিত হন সাবেক সভাপতি রামেন্দু মজুমদার, আতাউর রহমান, মামুনুর রশীদ, নাসির উদ্দীন ইউসুফ, সারা যাকের ও ম. হামিদ এবং সাবেক সাধারণ সম্পাদক হিসেবে এস এম সোলায়মান (মরণোত্তর), ঝুনা চৌধুরী ও আক্তারুজ্জামান।

নাট্যব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের লক্ষ্য নিয়ে মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিষদাঁত ভেঙে দেওয়ার জন্য নাট্যকর্মীরা নাটকের মাধ্যমে আন্দোলন-সংগ্রাম করে যাচ্ছে। মামুনুল হক গংরা রাষ্ট্রের সংবিধানে ধর্মনিরপেক্ষতা বাদ দেওয়ার কথা বলছে। নাট্যকর্মীরা তাদের সে ষড়যন্ত্রকে কখনো বাস্তবায়ন হতে দেবে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত