ছুটির মেয়াদ শেষ হওয়ার পরেও বিদেশে অবস্থান করায় দুই শিক্ষককে অব্যাহতি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। গতকাল রবিবার উপাচার্য অধ্যাপক আক্তারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। অব্যাহতি পাওয়া দুই শিক্ষক হলেন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের নুসরাত ফারাহ এবং একই বিভাগের মোহাম্মদ শরীফুল ইসলাম।
অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল বলেন, বিশ^বিদ্যালয়ের দুজন শিক্ষক নিয়মবহির্ভূতভাবে বিদেশে অবস্থান করায় তাদের বিশ^বিদ্যালয় থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর আগে একাধিকবার তাদের বিশ্ববিদ্যালয়ে যোগদান করার কথা বলা হয়েছে। তাদের কাছ থেকে কোনো সাড়া না পাওয়ায় আজ অব্যাহতি দেওয়া হলো।
এদিকে নকল মাস্ক সরবরাহের কারণে গ্রেপ্তার হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার শারমীন জাহানের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। আদালতে প্রক্রিয়াধীন বিষয়টি মীমাংসা হওয়ার পর তার শাস্তির বিষয়ে সিদ্ধান্ত নেবে সিন্ডিকেট।
