মৌলভীবাজারের কমলগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে সোমবার বেলা ১১টা থেকে রাখাল নৃত্য (গোষ্ঠলীলা) দিয়ে শুরু হলো বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের ১৭৮তম রাসোৎসব।
আয়োজকরা বলেন, নৃত্য চলাকালে ভক্তরা মণ্ডপে বাতাসা ছিটিয়ে দেন। সেই বাতাসা আবার ভক্তরা কুড়িয়ে নেন। সোমবার রাতেই অনুষ্ঠিত হবে রাসোৎসব। রাসোৎসব উপলক্ষে রাতে মিলন তীর্থে পরিণত হবে মাধবপুর জোড়া মণ্ডপ আর আদমপুরের মণ্ডপ এলাকা।
তারা জানান, এ ছাড়াও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও রাতে হবে শ্রীকৃষ্ণের মহারাসলীলানুসরণ।
সাদা কাগজের নকশায় নিপুণ কারুকাজে সজ্জিত করা হয়েছে মণ্ডপ, এ মণ্ডপেই রাতে হবে রাসোৎসব। রাস উপলক্ষে সকাল থেকেই জড়ো হতে থাকেন দর্শনার্থী। আশপাশের এলাকার দর্শনার্থী তো আছেনই সেই সঙ্গে দেশের বিভিন্ন প্রান্ত থেকেও এসেছেন অনেকে। সবার উদ্দেশ্য মণিপুরী সম্প্রদায়ের রাসোৎসব উপভোগ করা। দুপুরের পর থেকেই শিশু, কিশোর, নারী, পুরুষসহ সব বয়সের সব শ্রেণি-পেশার মানুষের সমাগমে কমলগঞ্জের মাধবপুর জোড়া মণ্ডপ প্রাঙ্গণ পূর্ণ হয়ে যায়।
