নাটোরের বড়াইগ্রাম উপজেলায় যৌতুকের জন্য স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামী রুবেল হোসেনকে মৃত্যুদন্ডসহ ১ লাখ টাকার অর্থ দণ্ডে দণ্ডিত করে আদালত।
মঙ্গলবার দুপুরে নাটোরে নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বিচারক মো. ইমদাদুল হক এ রায় প্রদান করেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালে ২৭ জুন নাটোর বড়াইগ্রাম উপজেলার শিবপুর গ্রামের খোকন মুন্সির ছেলে রুবেল হোসেনের সঙ্গে ফাতেমা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য স্ত্রী ফাতেমাকে নির্যাতন করতে থাকে স্বামী রুবেল।
এক পর্যায়ে একই বছরের ২৬ সেপ্টেম্বর রাতে মামলার অন্য আসামিদের সহযোগিতায় ফাতেমাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বোন আকলিমা বেগম বাদি হয়ে বড়াইগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি বিচারের জন্য অত্র আদালতে প্রেরিত হলে মঙ্গলবার দুপুরে বিচারক এ রায় দেন।
রায়ে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড কার্যকর করাসহ ১ লাখ টাকা অর্থদণ্ডের অর্থ নিহত ফাতেমার বাবা-মাকে ক্ষতিপূরণ বাবদ প্রদানের নির্দেশ দেওয়া হয়।
