ফরিদপুর পৌরসভার নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত হয়ে গেছে। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার সুপ্রিম কোর্টের চেম্বার আদালতের বিচারপতি মো. নুরুজ্জামান হাইকোর্টের ওই আদেশটি আট সপ্তাহের জন্য স্থগিত করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী রুহুল কুদ্দুস কাজল।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১০ ডিসেম্বর এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই নির্বাচনের তফসিল চ্যালেঞ্জ করে স্থানীয় এক ভোটারের করা রিট আবেদনের ওপর শুনানি নিয়ে গত ২৫ নভেম্বর বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহি উদ্দিন শামীমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ ওই নির্বাচনের ওপর ছয় মাসের স্থগিতাদেশসহ রুল দেয়। রুলে ফরিদপুর পৌরসভাকে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১১৬তম সভায় সিটি করপোরেশন করার অনুমোদনের পরও নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল কেন বেআইনি ও আইনগত কর্র্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়েছে।
গত বছর ২১ অক্টোবর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নিকারের ১১৬তম সভার আলোচ্যসূচিতে উল্লেখ করা হয়, স্থানীয় সরকার সিটি করপোরেশন প্রতিষ্ঠা বিধিমালা, ২০১০ এর বিধি ৩ (৪) অনুযায়ী ফরিদপুর পৌর এলাকাকে সিটি করপোরেশনে উন্নীত করার জন্য শর্ত প্রযোজ্য হয়েছে। সভাতে ফরিদপুর পৌরসভা সিটি করপোরেশন হিসেবে অনুমোদন পায়। গত ৩০ সেপ্টেম্বর স্থানীয় সরকার বিভাগের পৌর শাখা ইসিকে দেওয়া চিঠিতে জানায়, ফরিদপুর পৌরসভার নির্বাচন করতে আইনগত বাধা নেই। গত ৩ নভেম্বর নির্বাচন কমিশন পাঁচটি পৌরসভা, সংশ্লিষ্ট পৌরসভার সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের নির্বাচনের তারিখ ও সময় ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করে।
