সাদা পোশাকে পিস্তল নিয়ে সালিশে পুলিশ কর্মকর্তা

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২০, ০২:৩৬ এএম

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর কার্যালয়ে একটি পারিবারিক সালিশ বৈঠকে সাদা পোশাকে কোমরে পিস্তল ঝুলিয়ে এক পুলিশ কর্মকর্তার উপস্থিতি ও প্রভাব বিস্তারের চেষ্টা নিয়ে আলোড়ন তৈরি হয়েছে। গত সোমবার রাতে ১৩ নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে অনুষ্ঠিত ওই সালিশে উপস্থিত অনেকেই পুলিশ কর্মকর্তার আচরণে আতংকিত হয়ে পড়েছিলেন বলে দেশ রূপান্তরকে জানিয়েছেন। এ ছাড়া অস্ত্র নিয়ে সালিশের ওই পুলিশ কর্মকর্তার উপস্থিতির ছবি ফেইসবুকে ছড়িয়ে পড়ায় এ নিয়ে নারায়ণগঞ্জজুড়ে সমালোচনার ঝড় উঠেছে।

জানা গেছে, গত সোমবার রাতে ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খোরশেদের কার্যালয়ে স্বামী-স্ত্রীর ঝগড়া নিয়ে একটি পারিবারিক বিচারের আয়োজন করা হয়। সেখানে হঠাৎ করেই এসে উপস্থিত হন মিজানুর রহমান নামে এক পুলিশ কর্মকর্তা। সাদা পোশাকের ওই পুলিশ কর্মকর্তার কোমরে ঝুলছিল পিস্তল। তখন সালিশে আসা অনেকেই আতংকগ্রস্ত হয়ে পড়েন। খোঁজ নিয়ে জানা গেছে, ওই পুলিশ কর্মকর্তা নারায়ণগঞ্জ সিআইডিতে পরিদর্শক পদে কর্মরত আছেন।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ দেশ রূপান্তরের কাছে ঘটনার সত্যতা স্বীকার করলেও এ ব্যাপারে মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, ‘একজন পুলিশ কর্মকর্তা সাদা পোশাকে সেখানে উপস্থিত ছিল। তার কোমরে পিস্তল ছিল এটা সত্যি। তবে এ বিষয়ে আমি কোনো মন্তব্য করব না।’

নারায়ণগঞ্জ সিআইডির পরিদর্শক মিজানুর রহমানকে ফোন করে পারিবারিক সালিশে প্রকাশ্যে কোমরে পিস্তল নিয়ে উপস্থিতির বিষয়ে প্রশ্ন করা হলে তিনি ব্যস্ত আছেন জানিয়ে পরে কথা বলবেন বলে ফোন কেটে দেন।

অস্ত্র নিয়ে সালিশে পুলিশ কর্মকর্তার উপস্থিতির বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ সিআইডির পুলিশ সুপার নাসির আহমেদ দেশ রূপান্তরকে বলেন, ‘সিআইডি সাদা পোশাকেই থাকে। তবে পারিবারিক কোনো বিচার সালিশে ওইভাবে (কোমরে পিস্তল নিয়ে) কেউ যেতে পারে না। আমি খোঁজ নিয়ে দেখছি বিষয়টি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত