রাজধানীর যাত্রাবাড়ী দনিয়ায় নির্মাণাধীন ভবনে ওয়েলডিংয়ের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাসান (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৬টায় মৃত ঘোষণা করেন। তিনি কুমিল্লা চান্দিনা উপজেলার মহনপুর গ্রামের রতন মিয়ার ছেলে। হাসান পরিবার নিয়ে রাজধানীর শনিরআখড়া গোবিন্দপুর এলাকায় থাকতেন।
তাকে হাসপাতালে নিয়ে যাওয়া মো. স্বপন নামে এক নির্মাণ শ্রমিক সাংবাদিকদের জানান, তারা দনিয়া বাজারে একটি নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় কাজ করছিলেন। তার পাশেই ওয়েল্ডিংয়ের কাজ করছিল হাসান। কাজ করার সময় বিদ্যুতের তারের সঙ্গে লেগে সেখান থেকে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
