মুখ খুললেন অনন্যা পান্ডে

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২০, ১১:৪৪ পিএম

চাঙ্কি পান্ডের মেয়ে অনন্যা পান্ডের বলিউড ক্যারিয়ার মাত্র এক বছরের। বলিউডে পা রাখার পর থেকেই ট্রোল তার নিত্যদিনের সঙ্গী। অভিনয় দক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে প্রথম ছবি থেকেই। তার সঙ্গেই করণ জোহরের চ্যাট শোতে যাওয়াকে ‘স্ট্রাগল’ বলে রাতারাতি নেটাগরিকদের হাসির খোরাক হয়ে ওঠেন তিনি। এর পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে মিমের বন্যা। প্রথমে খারাপ লাগলেও এখন এসব গা সওয়া হয়ে গেছে চাঙ্কি-কন্যার। নিজেই সে কথা বললেন কারিনা কাপুর খানের ‘হোয়াট উইমেন ওয়ান্ট’ শীর্ষক রেডিও টক শোতে। অনন্যার কথায়, ‘আমি যা-ই করি, যা-ই পরি, সেটা নিয়েই ট্রোলড হব। যতক্ষণ আমি নিজে খুশি আছি এবং ইনস্টাগ্রামে দেওয়ার মতো ভালো ছবি পাচ্ছি, এগুলো নিয়ে আমার কোনো অসুবিধা নেই।’

এখানেই থেমে থাকেননি অনন্যা। শোয়ের সঞ্চালক কারিনার প্রতি তার ভালো লাগার কথাও জানিয়েছেন শিশুসুলভ উচ্ছ্বাস নিয়ে। ‘কাভি খুশি কাভি গম’ ছবিতে কারিনার চরিত্র ‘পু’কে অনুকরণ করার কথাও অনায়াসে স্বীকার করেন ‘ফ্যানগার্ল’ অনন্যা। এমনকি, সেই ছবিতে ‘পু’র সেই বিখ্যাত গোলাপি জ্যাকেট অবধি নিজের জন্য আলাদাভাবে তৈরি করিয়েছেন তিনি! আর তাতেই চকচক করছে সেই বিখ্যাত ‘গুড লুকস, গুড লুকস অ্যান্ড গুড লুকস’ সংলাপ। অনন্যার কাণ্ড দেখে হাসি আটকাতে পারেননি ‘পু’, অর্থাৎ কারিনা নিজেই।

এ তো গেল সিনেমার কথা। বাস্তবে কারিনাকেই নিজের স্টাইল আইকন বলে মনে করেন অনন্যা। তার মতোই নিজের বিয়ের সময় মনীশ মালহোত্রার ডিজাইন করা লেহেঙ্গায় সেজে উঠতে চেয়েছেন। যদিও সিনিয়র বেবো তাকে এই মুহূর্তে সাতপাক না ঘোরার উপদেশ দিয়েছেন। তার সঙ্গে একমত খোদ অনন্যা। জানালেন, বিয়ে করতে এখন অনেকটাই দেরি আছে। তবে পাত্রটি কে? সে কথা সাসপেন্স হিসেবেই রেখেছেন বলিউডের এই ‘স্টারকিড’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত